স্মৃতির হ্যান্ডনোট
তোমার হৃদয়ের ওয়ালেট থেকে চুরি করা
আবেগ খুচরো করে নিই...
আমার মানি-পার্সে ছোটবড় নানা অনুভূতি।
উদ্বেগ দিয়ে অনায়াসে কিনি টকঝাল নয়নসুখ,
হাতে-গরম স্পর্শসুখ পেতে বিহ্বলতা দিই,
স্বর্গীয় সুখ পেতে বের করি কড়কড়ে উচ্ছ্বলতা।
তাই সবসময় থাকি উন্মুখ,
কখন তোমার ওয়ালেটখানা
রেখে যাবে আমার মুগ্ধতার ছায়ায়!
একদিন মুগ্ধতা নিঃশেষ...
তোমার হৃদয় আমার নাগালের বাইরে,
তখন আমার হৃদয়-বাক্সে জমিয়ে রাখা
রাশি রাশি স্মৃতির হ্যান্ডনোট ভাঙাই,
প্রাপ্তি কোকিলের বিরহ,
প্যাঁচার বিষাদ আর ঘুঘুর নিঃসঙ্গতা।
সে বিরহ বিনিময়ে অবসাদ, বিষাদ দিয়ে হতাশা,
মানিব্যাগ খালি করে নিঃসঙ্গতা ঢেলে দিতেই
শরীর-মনে অসীম শূন্যতা...
তারাকাঠি
মনের মাঝে অসংখ্য তারাকাঠি জ্বলে...
বারুদ লাগানো তার গরম
ঠিক তখনই ভ্যালিডিটি পেরোনো বিরহ চাগাড় দেয়...
মনের দ্রবণে নীল লিটমাস লাল
মনকে অন্তর্বাস পরাতে নিরন্তর চেষ্টা
নিঃশুল্ক উত্তেজনায় মন ভিজে যায়
মনের দেওয়ালে সেঁটে থাকা অসংখ্য মিথ্যে দর্শন
খাদ্য হয়ে খসে পড়ে একটা একটা করে
তখন বদহজমের পুকুরে অবিশ্বাসের হাঁস চরে—
ডোবে, ওঠে, ডোবে, কখনো সখনো ডানা ঝাপটায়…
পতনশীলা পাতার কথা
পথের পাশে পতনশীলা পাতার ভাষা বুঝবে ক'জন!
স্বল্প আগেই সবুজ শাখায় সুর মিলিয়ে ছিলাম স্বজন।
রাজার ছেলে রাজার মেয়ে রঙবাহারি রঙ্গ বিলায়,
ভুলভুলিয়ার ভুলে ভরা ভ্রমণ সেরে আবার মিলায়।
লালপরিরা লাট খেতে চায় লক্কা যেন এক লহমায়,
গহীন গোপন গিরিখাতে গুল্ম লতার ফুল-আঙিনায়।
রূপকথা সুখ রূপ হারিয়ে রঙচটা সেই রাতকথা হয়,
সুঁচসুতোরা সাদা সুতোয় সেলাই করে সাতরঙা ভয়।
হঠাৎ দেখি, হাসতে থাকা হিমেল হাওয়া হৃদয় কাঁপায়...
মায়ার আলোয় মাছরাঙা-মুখ ঠোঁট বাগিয়ে মঞ্চে ঝাঁপায়।
মনে মনে মৃত্যু গুনি, মৃত্তিকাদূত ফুঁকছে শিঙা...
সপ্তসাগর সাঁতার কেটে সৈকতে যায় সপ্তডিঙা।
মোমবাতিহীন মৌনমিছিল মন্দগতি মিলনরাতে,
বিন্দু বিন্দু বিষাদবাতি বিস্তারিত বিষছোঁয়াতে।
চঞ্চল হই, চমকে উঠি, চাতকপাখির হা-পিত্যেশ...
দুখজাগানি দুঃখবিলাস দিনদুপুরের দিঙনির্দেশ।
কানন ভাবে, এসব কেবল কথার কথা, কান দিতে নেই।
রিক্ত কানন পূর্ণ হওয়ার সূত্র আছে শূন্যতাতেই।
ভিজতে ভিজতে ভেতর ভবন ভরতে থাকে মৃত্যুভয়ে...
মাটির বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকি মন্দ লয়ে।
নির্বাণ
নির্বাণ-মোহে ছুটে যাই শুধু হাট থেকে মাঠে-ঘাটে,
অজস্র আশা ব্যথা হয়ে বাজে হৃদয়ের গোবরাটে।
অলীক স্বপন লাবণ্যহীন মনের ড্রইংরুমে,
মালকোশ বাজে চেতনার তারে, বিবেক তখনও ঘুমে।
বালি-শয্যায় নদী শুয়ে বলে, নির্বাণ চাই আমি
সাগরের মনে উষ্মা ছড়ায়— জল করে পাগলামি!
অশ্বমেধের ঘোড়ার লাগামে হাত রাখা বুঝি দায়!
হরিণের কাছে সঙ্গম শিখি, ধ্রুবতারা থমকায়।
সারাটা জীবন শিকল-যাপন দহন বলয়ে ঘেরা,
সম্পর্কের হাত ধরে সেই মৃত্যুবাগানে ফেরা।
তবুও হৃদয় নির্বাণ খোঁজে, রিপু ডুকরিয়ে মরে,
বিবর্ণ কিছু দুঃখের ফুল ফুটে থাকে চরাচরে।
সকলেই বুঝি সেই ফুল তুলে সুবাস খুঁজতে চায়!
তাঁর পদতলে মাথা রেখে দিয়ে স্বর্গীয় সুখ পায়।
খনন
আলতামিরার গুহাগাত্র থেকে নেওয়া শস্যবীজে
ইঙ্কা সভ্যতার পাতিত জলসিঞ্চন দেখে
হেরোদোতাস প্রাণ খুলে হেসেছিল নিজে,
আর কাঁদিয়েছিল থুকিদিতিসের বংশধরকে...
তবুও আলেকজান্ডার পৃথিবীর শ্রেষ্ঠ বীর হতে চেয়ে
হেঁটেছিল আজীবন, অর্ধেক পৃথিবী তার
করেছিল অধীনতা স্বীকার...
মেসোপটেমিয়া স্বাধীন হবে বলে
জনগণের বুকের খাঁচা থেকে সাড়ে তিন খানা হাড় খুলে নিয়ে,
কলিজা বের করে সেরেছিল আহার
তাতে নেহরু নাইডু রাঘবন কিংবা চাটুজ্যে বাড়ুজ্যেদের
একটা লোমও যায়নি ছেঁড়া।
তাদের শুধুই নিয়ন আলোয় ঘোরাফেরা।
তারা বংশপরম্পরায় ফলিয়েছে হিরের ফসল…
আর চার অক্ষরের জনগণ
চোখে ঠুলি পরে করে যায় চাষ...
এভাবেই নোস্ত্রাদামুস কিংবা চাণক্য প্রাসঙ্গিক,
পৃথিবীতে প্রতিষ্ঠিত থিওরি অব ম্যালথাস।
ক্ষয়
সঙ্গমে অরুচি হলে আমি আর নগ্ন হবো না...
তোমাকে দেবো না শরীর, কোনদিনও ছোঁব না।
এই দেখো, আমি মোমবাতি জ্বেলে বসে আছি,
আমার পরান-খাঁচায় ডাহুক-ডাহুকির নাচানাচি...
এই শিখার নাচন, এই ডাহুকির শীৎকারধ্বনি
তোমাকে দেখাবে পথ, তাই উন্মুখ যখনই,
তখনই তুমি সময়ের জামা খুলে সম্মুখে এলে!
রোগভরা পৃথিবীর ঘরে কান পেতে শুনতে পেলে—
তার আর অসুখের নেই নিরাময়, ক্ষয় শুধু ক্ষয়।
বিগত দশক জুড়ে পৃথিবীর বুকে জাগে শুধু ভয়।
মোমবাতি ক্ষয়ে যায় তাপিত আলোক বিচ্ছুরণে...
সোনার হরিণ শুধু নিরালায় বসে ভাবে মনে মনে,
ক্ষয় বুঝি নেই আমার, আমি তো প্রযুক্তিবাদী,
যুদ্ধবিমান মাটিতে নেমে এলে জমি হয় অনাবাদী
আমি আর কোনদিনও পুষ্ট শস্য দোবো না
সঙ্গমে অরুচি হলে আমি আর নগ্ন হবো না।
মায়াগান
পৌষের বালিশে কত শীতলতা জমে...
নীল জলবিভাজিকা দল পাল্টায়
বেগুনি-হলুদ স্বপ্নেরা কামগন্ধি হয়ে
সবুজ ক্যানভাসে আমি-তুমি খেলে
ঠিক তখন মোহহীন আকাশ
ঢেলে দেয় অজস্র মায়ার মোহর
তিলফুলে মৌমাছি হাসি ছড়ায়...
বেহুলা তখন নেতিধোপানির
ঘাট পেরিয়ে ভেসে চলে
পাপখেকো দেবতার অঙ্গনে।
তার নৃত্যকলা হয়তো খুশি করবে
প্রতারক দেবতাকে।