পরিসর-এর ‘কবিতার বারান্দা’: ত্রিপুরার নতুন গর্ব
ত্রিপুরা
গিয়েছিলাম। কিছুটা ভ্রমণার্থে, কিছুটা সাহিত্য-সফরে। ভালবাসা, আন্তরিকতা,
আতিথেয়তা, সু-সাহিত্যের আঘ্রান নিতে নিতে ত্রিপুরা সফর জমে উঠেছিল। কবি-বন্ধু খোকন
সাহার সান্নিধ্যে এসে জানতে পারলাম এক নতুন অভিনব কবিতা-অভিযাত্রার কথা। বিষয়টির
আনুষ্ঠানিক নাম ‘কবিতার বারান্দা’, আয়োজক ‘পরিসর’। আগরতলার হসপিটাল রোড এক্সটেনশন
ঠিকানায় ‘পরিসর'-এর কার্যালয়। তাদের বহুমুখী কর্মোদ্যমের অন্যতম বাৎসরিক আয়োজন
এই ‘কবিতার বারান্দা'। ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা ছটায় আগরতলা প্রেস
ক্লাবে ছিল এর তৃতীয় পর্বের অনুষ্ঠান। কবিতা পড়লেন দশজন তরুণ কবি, কবিতায় যারা
চিহ্নিত করেছেন নিজেদের স্বতন্ত্র স্বাক্ষর। সুকান্ত ও সংকর্ষণের সংগীত ছিল অন্যতম
অলঙ্কার। অভিমত জ্ঞাপন করেন ত্রিপুরার বিশিষ্ট কবি দিলীপ দাস। এই সভাতেই প্রকাশিত
হল ‘কবিতার বারান্দা' গ্রন্থের দ্বিতীয় ভাগ। অনুষ্ঠান ও বইয়ের অভিনবত্ব এখানেই।
‘পরিসর' গত দুই বছর ধরে ত্রিপুরার কবিদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করছে। প্রথমে
একটি সভার আয়োজন করা হচ্ছে– সেখানে নির্দিষ্ট একটি প্রজন্মের দশ জন কবি একাধিক
কবিতা পাঠ করছেন। তারপর সেই কবি ও কবিতা নিয়ে আলোচনা করছেন একজন তন্নিষ্ঠ যোগ্য
আলোচক। এই কবিদের সংক্ষিপ্ত পরিচিতি, ছবি ও কবিতাগুলি মুদ্রিত হচ্ছে ‘কবিতার
বারান্দা' গ্রন্থে, সঙ্গে সেই যোগ্য আলোচকের পরিমার্জিত আলোচনাটিও থাকছে। প্রথম
পর্বের বইটির ভূমিকা লিখেছেন অর্পিতা আচার্য। এই খণ্ডের দশজন কবি হলেন উত্তরা
চাকমা, দিপ্সি দে, ধরিনজয় ত্রিপুরা, প্রিয়তমা দত্ত, বিদ্যুৎ হোসেন, ভবানী
বিশ্বাস, জেরী চন্দ, শৈবাল দেববর্মা, সপ্তশ্রী কর্মকার ও সৌরভ গোস্বামী। এই বইটি
প্রকাশিত হয়েছিল ২০২৫-এর ৯ আগস্ট, আগরতলার সুকান্ত একাডেমিতে। সেই সন্ধ্যায়
‘পরিসর’ সভাগৃহে বসিয়েছিল চাঁদের হাট। কবিতা পাঠে সেই সন্ধ্যায় অংশ নিয়েছিলেন
ত্রিপুরার বাংলা কবিতার অগ্রপথিকেরা– কল্যাণব্রত চক্রবর্তী, পীযূষ রাউত, মিহির দেব,
বিমান ধর, শঙ্খপল্লব আদিত্য, অজিতা চৌধুরী ও রাতুল দেববর্মণ। সভায় আলোচনায় অংশ
নেন রামেশ্বর ভট্টাচার্য। এঁদের কবিতা ও আলোচনা সহযোগে তৈরি দ্বিতীয় পর্বটি
গ্রন্থাকারে প্রকাশিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে, তৃতীয় পর্বের সভায়।
‘কবিতার বারান্দা'র প্রথম পর্বের প্রথম কবি উত্তরা চাকমা। জন্ম ১৯৭৫-এ, একটি
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। মূলত চাকমা ভাষার কবি। গ্রন্থে তাঁর
মাতৃভাষায় কবিতার পাশে কবিকৃত বাংলা অনুবাদ রয়েছে। এই আলোচনায় মূল কবিতার বদলে
অনুবাদের অংশ থেকে উদাহরণ দেওয়া যাক: “তোমার হাতে রচিত হয়েছিল ইতিহাস,/ ‘কঠিন
চীবর দান উৎসব’।” কিম্বা “আমি এক আদিবাসী–/ প্রকৃতির মানস সন্তান।/ প্রকৃতির কোলে
জন্ম আমার,/ পঞ্চভূতে বিলীন হয়ে প্রকৃতিতেই ফিরে আসি।” দ্বিতীয় কবি দিপ্সি দে-র
জন্ম ১৯৯৯ সালে, সম্পাদনা করেন ‘মিছিলের মুখ’ পত্রিকা। ‘আত্মস্নান’ কবিতায় তিনি
লেখেন: “মানুষ যে নিজেকে জন্ম দিতে পারে, বুঝিনি আগে/ এই হেরে যাওয়া মেয়েটির
জন্মের দাগ আমার জানা”। তৃতীয় কবি ধরিনজয় ত্রিপুরার জন্ম ১৯৯০-এ, তিনি ককবরক ও
ত্রিপুরা ভাষায় সাহিত্য চর্চা করেন। একাধিক পত্রিকার সঙ্গে যুক্ত কবির প্রকাশিত
কাব্যগ্রন্থের সংখ্যা বর্তমান গ্রন্থের উল্লেখ অনুযায়ী ৩৩টি। মাতৃভাষার পাশাপাশি
কবিকৃত বঙ্গানুবাদ আমাদের মত বাংলামুখী পাঠকদের সুবিধা করেছে। তাঁর কবিতায় উঠে
এসেছে ত্রিপুরার আঞ্চলিক স্বর: “এখন আমি আর অবুঝ শিশু নই/ বনের মাখুমাই মাটি
খুঁড়ে/ কচি কড়ুল খাওয়ার।/ আমার বয়স পাকা বাঁশ হয়ে/ আকাশের কশি দিয়ে/ শক্ত করে
বাঁধা।” এই পর্বের চতুর্থ কবি প্রিয়তমা দত্ত-র জন্ম ১৯৯৯-এ, একটি কলেজের শিক্ষিকা।
ছোট ছোট কবিতায় কবি চিত্রকল্প আঁকেন বলে তাঁর ‘আমিনার যাত্রা’ কবিতার সম্পূর্ণটাই
এখানে তুলে ধরা যাক: “বাড়ির উঠোনে ঘুরপাক খায় এক শিশু/ ব্যাঙচাকুর দল লুকিয়ে
পড়ে কাদার দেশে/ উলটো চপ্পল/ ভাঙা বোতল/ ছিদ্র করা জিভ/ এসবের ঠিক নীচে বয়ে যায়
সুর—/ আমিনা হাঁটতে থাকে কানাঝুরির মহাদেশে।” প্রসঙ্গত এখানে ‘কানাঝুরি’ হল উত্তর
ত্রিপুরার দামছড়া অঞ্চল সংলগ্ন একটি গ্রামের নাম। পঞ্চম কবি বিদ্যুৎ হোসেনের কবিতা
বিষয়ে ভূমিকা লেখক অর্পিতা আচার্য লিখেছেন: “তাঁর কবিতা সরল, একরৈখিক, শ্রুতি মধুর
ও আবেগ মথিত। মূলত তাঁর পাঁচটি কবিতার বিষয়কে কয়েকটি ভাগে ভাগ করা যায়– ১.
নারীদের প্রতি আবহমান নির্যাতন। ২. দেশ, যে দেশের ভূগোল নেই, কাঁটাতার নেই। ৩.
স্থানিক সৌন্দর্য, বিশেষতঃ মাতৃভূমির সৌন্দর্য।” প্রসঙ্গত বিদ্যুৎ হোসেনের জন্ম
১৯৯২ সালে, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তাঁর কবিতায় উঠে আসে সমসময়: “ক্ষমা
করো/ মন্টি প্রিয়াঙ্কা আসিফা নির্ভয়া…/ ক্ষমা করো/ ভুল যদি অন্ধকার হয়/ এ দেশ
জন্মান্ধ।” কবি ভবানী বিশ্বাসের জন্ম ২০০০ সালে, পড়াশোনা করেছেন শরীর বিজ্ঞান
নিয়ে। তাঁর ‘কথা’ কবিতায় ফুটে উঠেছে মিত-কথনের অনুভূতি: “যদি জিজ্ঞেস করো, প্রিয়
রং?/ বলব– গোধূলি/ যদি বল, প্রিয় ঘ্রাণ?/ বলব– নবান্ন/ যদি জানতে চাও, প্রিয়
ঋতু?/ বলব– হৈমন্তী”। শিক্ষা বিজ্ঞানে স্নাতকোত্তর কবি জেরী চন্দও ১৯৯৯-এর জাতক।
তাঁর ‘শহর আগরতলা’ কবিতায় ফুটে উঠেছে নাগরিক স্পন্দন ও কলঙ্কের অন্তর্ঘাত: “অটোর
সামনের সিটে বসতে হলো/ হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা/ প্রস্ফুটিত মালতীর গন্ধে ম-ম
করছে/ আচমকা এই শহরের/ সম্মোহনের গাণিতিক হিসাব করতে করতেই/ কাদা জল ছিটকে পড়ল
পায়ে”। ১৯৯৬-এর জাতক শৈবাল দেববর্মা ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, পেশায়
সরকারি কলেজের অধ্যাপক। তাঁর লেখালিখির ভাষা ইংরেজি। ফলে এই সংকলনে ইংরেজি কবিতাই
স্থান পেয়েছে, সঙ্গে কবিকৃত বঙ্গানুবাদ। ‘Words’ কবিতায় কবি লিখেছেন: “When you
speak of stones, roots, or blood/ Do you speak the truth anymore?/ Words also
have their ghosts:/ The ghosts of unfulfilled meaning”— কবি নিজেই এর অনুবাদ
করেছেন: “যখন তুমি পাথর, শিকড় বা রক্তের কথা বলো,/ তুমি কি সত্যি বলো?/ শব্দেরও
ভূত থাকে–/ অপূর্ণ অর্থের ভূত।” কবি সপ্তশ্রী কর্মকারের জন্ম ১৯৯৩ সালে,
স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন শরীর বিজ্ঞান বিষয়ে। তাঁর কবিতায় বাস্তব ও
পরাবাস্তব জারিত হয়ে থাকে: “বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হলেই/ মা আগে অঙ্কের
নম্বর দেখতো,/ শেখাতো সংসার খরচ আর অঙ্কের/ অদ্ভুত বাস্তবতা”। আলোচক অর্পিতা আচার্য
দশম তথা গ্রন্থের শেষ কবি সৌরভ গোস্বামী সম্পর্কে মন্তব্য করেছেন: “সৌরভ অনেকদিন
ধরে কবিতা লিখছেন। যে পাঁচটি কবিতা পড়লেন, তাতে বিশেষ করে নাগরিক জীবনের ক্লান্তি,
হতাশা, বিরাগ ফুটে উঠেছে। ‘সংসার’ ও ‘প্রতিরাতে এক কবির মৃত্যু হয়’ এই দুটি
কবিতায় সাংসারিক জীবনের একঘেয়েমি, বোঝাপড়া আর তৎজনিত ক্ষয়। বিপরীতে কল্পনায় ভর
করে কোনো রকমে এগিয়ে যাওয়া আরো একটি দিনের দিকে।” বাণিজ্য বিভাগে স্নাতক সৌরভের
জন্ম ১৯৮৯ সালে। তাঁর কবিতায় বিদ্রুপ হয়ে ওঠে এক মহার্ঘ অস্ত্র: “কাকা! নিজের
অন্তর্বাসের নোনতা গন্ধে/ প্রেম কুড়োচ্ছেন।/ নেলকাটারে সংক্রামক খুঁজছেন,/
মেয়েটিকে দেখে জ্যামিতি কষছেন।/ মন্দিরে বসে নামাজ পড়ছেন।/ হিসেবের বদলে হিসি
করছেন।/ কাকা! প্রেম কুড়াচ্ছেন।” ‘কবিতার বারান্দা'র দ্বিতীয় পর্বের সভা হয়েছিল
২০২৫-এর আগস্টে, মুদ্রিত বইটি হাতে এল এক বছর পরে, তৃতীয় সভার সন্ধ্যায়। এই
গ্রন্থের ভার বাড়িয়েছে ‘ত্রিপুরার সাত অগ্রগণ্য কবির কবিতা’ কথাটি। তাঁদের কবিতা
উৎসর্গ করা হয়েছে– ‘তাদের জন্য, যারা কবিতা লিখবেন, সময়ের ভাষা নির্মাণ করবেন’।
এইভাবে পরিসর-কর্তৃপক্ষ দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধন করে দিয়েছেন গভীর
মুন্সীয়ানায়। আঠারো পৃষ্ঠার দীর্ঘ ভূমিকা লিখেছেন ত্রিপুরার আর এক অগ্রগণ্য কবি,
সম্পাদক, অধ্যাপক রামেশ্বর ভট্টাচার্য। ‘কবিতা’ শব্দের গভীরে গিয়ে তিনি আলোচনার
মণিমুক্তো তুলে এনেছেন, সেখানে এসেছে ত্রিপুরার কবিতার প্রাসঙ্গিক ইতিহাস:
“ত্রিপুরার সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল ব্যক্তিত্বদের একটি স্বতন্ত্র-চিহ্নিত
অনন্য ইতিহাস রয়েছে। স্বাধীনতার পূর্বের ও পরবর্তী কালেরও। প্রায় পাঁচশ বছরের
বাংলা সাহিত্যের ধারাবাহিক চর্চা সাহিত্যিকদের শ্রদ্ধা, সমীহ ও সমমর্যাদা এনে
দিয়েছে। যোগেন্দ্রনাথ গুপ্ত সম্পাদিত ‘বঙ্গের মহিলা কবি’তে (১৯৩০) ত্রিপুরার
অনঙ্গমোহিনী দেবীর কবিতা সংকলিত হয়েছে, তাঁর কাব্যের প্রসাদগুণেই, রাজন্যকে
প্রসন্ন করার জন্য নয়।” এর রেশ ধরে রেখে রামেশ্বর বলেছেন গত শতকের ত্রিশের বা
চল্লিশের দশকের ত্রিপুরার কবিদের কথা– অজিতবন্ধু দেববর্মা, বিধুভূষণ ভট্টাচার্য,
চারুবালা দত্ত, কুমুদিনী বসু, গিরিবালা দেবীদের স্মরণ করে তিনি গ্রন্থের দশ কবির
কবিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রবন্ধটি এই সংকলনের মান বৃদ্ধিতে বিশেষ
সহায়ক হয়েছে। সত্যব্রত চক্রবর্তীর জন্ম ১৯৪০-এ, যিনি পরবর্তী সময়ে কল্যাণব্রত
চক্রবর্তী নামে কবিতা লিখেছেন। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন কাজ করেছেন সংবাদপত্রে।
১৯৫৫ সালে আগরতলার দৈনিক জাগরণ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। ‘দি
স্টেটসম্যান’ পত্রিকার সাংবাদিক ছিলেন। বর্ষীয়ান এই কবিকে ২০১৬ সালে কলকাতায়
‘অহর্নিশ সম্মাননা’ জ্ঞাপন করা হয়। ‘কবি চেতনায় ধারণ করেন জীবনানন্দকে, আর
আঙ্গিকে ছায়াপাত নীরেন্দ্রনাথ চক্রবর্তীর।’ কবিতার শরীরকে কখনো অযথা উচ্চকিত করে
তুলতে চাননি তিনি। আলোচ্য গ্রন্থে তাঁর কবিতা শব্দের অনুরণনে মায়া ছড়ায়: “আসলে ও
বড়ো একা আর নিষ্ফল/ মা ওকে মাছ পুড়ে পান্তা খেতে দেয়নি,/ জুমের ভাত বাসি হয়ে
থাকে কতদিন, আমরা/ কোনও দিন আশ্রয় দিইনি, তার কোনও স্মৃতি নেই/ মমতা নেই ভেবে সবাই
ওকে তাড়িয়ে দিয়েছিলাম”। একজন সমাজ সচেতন মানুষ হিসেবে বহমান সময়ের গভীর অসুখ ও
নৈরাজ্য কবি পীযূষ রাউতকে ব্যথিত করে, হতাশ করে। তাঁর যাপিত প্রভাবকেই তিনি তাঁর
কবিতায় অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন। কবির জন্ম ১৯৪০ সালে, দীর্ঘদিন সম্পাদনা
করেছেন ‘জোনাকি’ নামে একটি সাহিত্যপত্র। বহমান সময়ের রাজনৈতিক অস্থিরতা কবিকে
মর্মাহত করে বলে তাঁর কলম গর্জে ওঠে এইভাবে: “ম্যাঁয় আজাদ হুঁ/ আমিই স্বাধীনতা।”
আবার প্রেমের কবিতায় তিনি উৎকীর্ণ অগ্নির মতো: “আমার প্রেম/ দাবানলের মত পুড়িয়ে
দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে/ কঠিন বৃক্ষমূল।” কবি মিহির দেব-এর কবিতার অভিপ্রায় মানুষ
ও তাদের জীবনের দুঃখ-সুখ। সংলাপের তীব্রতায় তাঁর কবিতা যেন খাপ খোলা তরবারি।
১৯৪১-এ জন্ম কবির। তাঁর কোমল হৃদয় ক্ষতবিক্ষত হয় দাঙ্গা পরবর্তী ত্রিপুরার
মানুষের দুর্দশা দেখে। দুই দল মানুষ গৃহহীন, নতুন করে বসত গড়ছে। পারস্পরিক বিশ্বাস
আর সম্প্রীতির ফাটলে উদ্বিগ্ন হয়ে কবি লিখেছেন ‘দুধ-মা’ বা ‘এই ঘর আমরা পাহারা
দিমু’-র মতো অসাধারণ ভালোবাসার পঙ্তিমালা: “তারা বলতে থাকে/ এই ঘরে আমার মেয়েজামাই
থাকে/ এই ঘর আমরা পাহারা দিমু;/ তোরা সবাই মিলে/ টিলা ঘিইরা রাখ/ কেউ যেন না আসতে
পারে।” কবি বিমান ধর-এর জন্ম ১৯৪২-এ, দীর্ঘদিন কলকাতা থেকে প্রকাশ করেছিলেন
‘সংশপ্তক’ নামে একটি কবিতা পত্রিকা। পূর্বে লিখতেন ‘মানিক ধর’ নামে। ত্রিপুরার
বিখ্যাত কাব্য সংকলন ‘দ্বাদশ অশ্বারোহী’ গ্রন্থে তাঁর কবিতা পাঠকের নজর কেড়েছিল।
পরবর্তীতে গদ্যচর্চায় অধিক মনোযোগী হলেও বিমান ধর-এর কবিতার চলন স্মার্ট ও গতিময়।
অচলিত শব্দকল্পে অনুভবের বিমূর্ত মায়াজাল তৈরির কাজে দক্ষ তিনি। ‘পশ্চাতের ভয়ার্ত
ক্ষুধা’ কবিতায় চিত্রকল্প তুলে আনছেন জীবনের নিম্নতম ক্লেদ থেকে: “ঈশিতা, তুমি/
এসেছিলে চলে যাচ্ছো। তোমার উচ্ছিষ্ট মুখের অপসৃত কুলকুচির শব্দ/ অন্ধকারে বেড়াল
ডাকার মতন ভয়ঙ্কর আমি টের পাচ্ছি, অন্ধকারে তোমার হাত ছুটছে কুঁজোর দিকে, কেননা
তোমার কণ্ঠ জন্মাবধি শুকিয়ে ছিলো”। এই সংকলনের একমাত্র কবি শঙ্খপল্লব আদিত্য,
গ্রন্থ প্রকাশের আগেই প্রয়াত হয়েছেন। ২০২৫-এর ‘কবিতার বারান্দা' সভায় তিনি অংশ
নিয়েছেন, কবিতা পাঠ করেছেন, তার কিছু পরে কবির প্রয়াণ। কবির প্রকৃত নাম ‘মনোরঞ্জন
আদিত্য’, জন্ম ১৯৪৩-এ। শিক্ষকতা করেছেন, তার পাশাপাশি সাংবাদিকতাও। আত্মপ্রচারে
অনাগ্রহী ছিলেন। আলোচক রামেশ্বর ভট্টাচার্য লিখেছেন: “ক্রোধ, শ্লেষ আর জীবনবোধের
তীব্রতা সহ্য করতে পারেন যে দীক্ষিত পাঠক, তিনিই বুঝবেন শঙ্খপল্লবের কাব্যাত্মা।
আপাত বিচ্ছিন্ন শব্দমালার অভ্যন্তরে যে অনুভবের অন্তর্ঘাত ছড়িয়ে রাখেন কবি, তা
শনাক্ত করা বেশ কঠিন।” বিরোধাভাসেই কবির অভিরুচি, সেই সঙ্গে আপাত অসংলগ্নতায় লগ্ন
থাকেন তিনি। জীবনের প্রথম পর্বে হাংরি আন্দোলনের সান্নিধ্যে ছিলেন কবি, সেই রেশ
খুঁজে পাই তাঁর কবিতায়: “এখনো তেমন কোনও কাপড় দেখিনি যাতে কোনও দাগ নেই, ফুটো নেই
এখনো/ তেমন জামা দেখিনি যাতে কোনও কলপ নেই, কেরদানি নেই/ এখনো তেমন কোনও মুখ দেখিনি
যাতে কোনও যুদ্ধ নেই, হাততালি নেই এখনো/ তেমন কোনও চোখ দেখিনি যাতে অশ্রুও নেই,
উড়োজাহাজও নেই”। প্রেম-ভালোবাসা, প্রাপ্তি-অপ্রাপ্তির অভিমান, সংসারের টুকিটাকি
দিয়ে সাজানো যে কবিতার উপকরণ– সে-সব প্রায় ছেড়ে দিয়ে, প্রথাবিরোধী রূপকল্পে
কবিতাকে নিয়ে গিয়েছেন কবি অজিতা চৌধুরী। কবিতার ‘মেয়েলিপনা’ বিসর্জন দিয়ে তিনি
যৌক্তিকতাকে করে তোলেন চিন্তার আয়ুধ। জন্ম ১৯৪৮-এ, বাড়িতে হাতে লেখা পত্রিকায়
প্রথম লেখালিখি শুরু। পেশায় শিক্ষক, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন বিগত শতকের
সাতের দশকের উত্তাল রাজনৈতিক পর্বে। কবির রোমান্টিকতা তাঁর রাজনৈতিক চেতনার সূক্ষ্ম
পরতে সমুজ্জ্বল হয়ে আছে। তিনি লেখেন: “পাহাড়ি রাস্তায় লোকজন বড় কম কথা বলে/
সূর্য ডুবে যায়/ অন্ধকার নেমে আসে/ কুলাই বাজারে বেচা-কেনা সেরে আদিবাসী রমণী
বাড়ি ফেরে/ মশালের আলো ক্রমশ দূরে সরে যায়।” অজিতার বিশ্বাস, এই পৃথিবী বদলাতে
পারেন একজন ঈশ্বর-প্রতিম গ্যালিলিও। বিগত শতকের ছয় থেকে সাতের দশকের পর্বান্তরের
সন্ধিক্ষণের অন্যতম শ্রেষ্ঠ কবি রাতুল দেববর্মণের জন্ম ১৯৫০-এ। তাঁর প্রতিটি
কবিতায় শব্দকে তুলে আনেন নিষ্ঠ যত্নে, সচেতন সমাদরে। তাঁর কবিতায় ধরা পড়ে
সংস্কৃতির ইতিহাস, চংপ্রেঙের সুর তাঁর কবিতায় চিত্রকল্প হয়ে ওঠে। তিনি লেখেন:
“নিজভূমে পরবাসী রমণী ত্রিপুরার/ হাতে আজ দোনালা বন্দুক/ দূরে পড়ে আছে সুরেলা
চংপ্রেং/ সে কেন আজ রাত বদল করে/ এই পাহাড় থেকে অন্য পাহাড়ে।” ‘কবিতার বারান্দা'র
দুটি খণ্ড ত্রিপুরার কবিতার সার্বিক ভূগোলকে পাঠকের সামনে উপস্থিত করতে চেয়েছে পরম
যত্নে। পুষ্পল দেব-এর গভীর মননশীল প্রচ্ছদ চোখের আরাম আনে। ঠিক ততটাই চোখকে পীড়া
দেয় একাধিক বানান ভুল। বোঝা যায়, প্রুফ দেখায় থেকে গেছে যথেষ্ট অযত্ন। কবিতার
বারান্দা। পরিসর। আগরতলা, পশ্চিম ত্রিপুরা। প্রতি খণ্ডের মূল্য: ২০০ টাকা

