স্প্যানিশ কবিতার অনুবাদ
কবি - মারিয়া রোজালিয়া রিতা দে কাস্ত্রো
ভাষান্তর: সৌরভ ভট্টাচার্য্য
উনিশ শতকের গালিশীয় মহিলা কবি ও উপন্যাসিক মারিয়া রোজালিয়া রিতা দে কাস্ত্রো (১৮৩৭-১৮৮৫) স্প্যানিশ ভাষায় অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে স্বীকৃত। রোজালিয়া দে কাস্ত্রোর কবিতা মূলত লিরিকধর্মী, বিষয়বস্তুতে ব্যক্তিগত ও বিষন্ন। স্পেনের গালিশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তাঁর লেখা কে গভীরভাবে প্রাণিত করে করে। এখানে কাস্ত্রোর পাঁচটি কবিতার ভাষান্তরিত হয়েছে। প্রায় ২০০ বছর আগে লেখা হলেও কবিতাগুলিতে কেমন যেন এক আধুনিক একাকীত্ব ধরা পড়ে। এখানে ভাষান্তরিত কবিতাগুলি ১৮৮৪ সালে প্রকাশিত তাঁর 'এন লাস ওরিয়ার দেল সার' (সার নদীর তীরে) কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
১
ওরা বলে, গাছ কথা বলে না, ঝরণাও না, এমনকি পাখিগুলোও,
ঢেউও তার মর্মরধ্বনিতে কোন কথা বলে না, তারারাও বলে না কিছু তাদের উজ্জ্বল আলোয়।
ওরা তো তাই বলে, কিন্তু তা সত্য নয়।
কারণ যখনই আমি পাশ দিয়ে যাই
ওরা ফিসফিসিয়ে ওঠে আমার চারপাশে আর বলে,
— ওই পাগলীটা যায়, স্বপ্ন
দেখতে দেখতে অনন্ত বসন্ত জীবনের আর ফসলের,
আর খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি
ওর চুলগুলো সাদা হবে, আর
শীতে জুবুথুবু হয়ে কাঁপতে কাঁপতে ও দেখবে
সাদা তুষার ঢেকে দিচ্ছে উপত্যকাকে।
২
শোকাকুলা, নামহীন, আবছা এক ছায়া
যেন মূর্তিমান অনিশ্চয়তা —
আমার চোখের সামনে ছোটে।
সে তাড়া করে আরেক আবছা ছায়াকে
যে অন্তহীন এক পলাতকা
যার দৌড়ের কোন শেষ নেই।
৩
এক মুহূর্ত থামো, হে চঞ্চল মন
জয় অপেক্ষা করছে তোমার জন্য—
প্রেমের, খ্যাতিরও আজ হাসিমুখ।
এর কোনটাই কি তোমাকে বদ্ধ করে না?
— আমাকে একা থাকতে দাও,
তোমাদের মধ্যে বিস্মৃত ও মুক্ত |
আমি ছায়ায় উদ্দেশ্যহীন হাঁটতে চাই;
একমাত্র সেখানেই আমার প্রিয়তম স্বপ্ন
আমাকে মিষ্ট চুম্বন করে চরম অসংকোচে।
8
ঘন পাতার মধ্য দিয়ে
উত্তরের বাতাসে ছিঁড়ে
এক টুকরো সূর্যের আলো
বিদ্ধ করলো আমার চোখ।
হে আমার প্রার্থিত স্বপ্নের ছায়া
কেন তোমাকে আবার আমি দেখলাম?
সূর্য আমার চোখকে আঘাত করল
কিন্তু আহত তো হল আমার মন।
৫
আমি জানিনা, কি খুঁজি আমি অন্তহীন
মাটিতে, বাতাসে, এমনকি আকাশে।
জানিনা কি খুঁজি, তবে তা এমন কিছু
যা আমি হারিয়েছি। মনে নেই কবে,
এখন আর তাকে আমি খুঁজে পাই না।
যদিও আমি স্বপ্নে দেখি তোমার অদৃশ্য অস্তিত্ব
যা কিছু আমি স্পর্শ করি, যা আমি দেখি, তাতে।
হে আনন্দ, তোমাকে আর আমি খুঁজে পাবো না।
মাটিতে, বাতাসে, এমনকি আকাশে,
যদিও আমি জানি যে তুমি আছো,
আর সে থাকা কোন অলীক অলস স্বপ্ন নয়।
