নির্মল করণ-এর কবিতা
উন্নয়ন
দিগন্তের দিকে প্রসারিত ঝাঁ-চকচকে রাস্তা
হাওয়ার বেগে ছুটে যাচ্ছে যানবাহন।
পথের দু'পাশে মাথা উঁচু করে অট্টালিকার সারি
আকাশ ছুঁতে চায়, টেক্কা দিচ্ছে গায়ে গায়ে।
নিয়ন আলোয় ঝলমল করে ওঠে
শহরের প্রশস্ত রাজপথ।
শুনতে পেলাম
রাস্তায় দাঁড়িয়ে তোমার সগর্ব ঘোষণা : দারুণ উন্নয়ন।
দু'পাশে সরু গলিতে আলো পৌঁছায়নি যেখানে
তাদের খোঁজ নেবে না তুমি?
গরম জামা নেই বলে যে ছেলেটা পথের ধারে
কুঁকড়ে থাকে প্রবল শীতে,
স্কুলে না গিয়ে সকাল সকাল বাবুর বাড়ির
বাসন মাজে যে মেয়েটি...
তাদের কথা কে ভাববে বলো?
মনে রেখো, জ্বালতে হবে আমাদের
অন্তরের আলো
জ্বালতে হবে সহমর্মিতা ও ভালোবাসার প্রদীপ।
যেখানে আঁধার কাটেনি, পৌঁছে দিতে হবে আলো।