অনিরুদ্ধ আলি আকতার-এর কবিতা
এটি কেবল একটি হারানো বিজ্ঞপ্তি
সুধীবৃন্দ,
গত শুক্র, শনি অথবা রবিবারে হৃদয়পুর লোকালে রূপসী বাইপাস পার হওয়ার সময় জনৈক সুরঞ্জন বাবুর একটি বুক-ব্যাগ
হারিয়েছে। হারিয়ে গেছে বলা হলেও আদতে ওটি চুরি হয়েছে বলেই সন্দেহ।
এমতাবস্থায়,
বুক-ব্যাগের চিন্তায় তিনি যারপরনাই চিন্তিত। তদন্তে জানা গেছে, চিন্তিত আরও কয়েকজনে, কেননা তাঁরাও কোনও না
কোনও লোকালের যাত্রি, তাঁদেরও বুক-ব্যাগ পাওয়া যাচ্ছে না।
আশ্চর্য এই যে,
তাঁরা সবাই বলছেন—
ব্যাগ গেছে যাক, তবে ব্যাগে রাখা 'শান্তি', 'সম্প্রীতি', 'ভালোবাসা' ও 'মানবতা' নামাঙ্কিত বইগুলো যেন বেহাত না হয়।