তরুণকুমার দাস -এর কবিতা
কাটাকাটি ফাটাফাটি
কলমে মলম কিংবা মাখন মাখিয়েও
সরস মোলায়েম ভাবে প্রকাশে ব্যর্থ!
চলছে কাটাকাটি ফাটাফাটি
ঝুনো হলে আর নিস্তার নেই,
দুমড়োগুলো মহাশান্তিতে লুটছে
ডাবের স্বাধীনতা হরণ অব্যাহত!
অজানা নাম অনিচ্ছায় মুখস্ত
নতুন অবয়ব চোখে ভাসে!
নারকেলের জীবন্ত ছোবড়া যেন
বানের জলে গা অবগাহন করে,
রূপান্তর কাতারদড়ি পাপোশ আসনে
রং পাল্টাতে তিথি নক্ষত্র অনাবশ্যক!
এখানে আনন্দের বহিঃপ্রকাশে
রাস্তাঘাট অসমতল হয়ে ওঠে!
কোথাও শব্দ দূষণের তালিকায়--
হৃদপিন্ডের অনধিকার প্রবেশ !
দু'চোখ রাত জেগে পাহারা দেয়--
নিজের শ্বাস প্রশ্বাসের ধ্বনি !