অঞ্জনা দেব রায় –এর কবিতা

কবিজন্ম

 অঞ্জনা দেব রায় –এর কবিতা

নিস্তব্দতা



নীরবতা  তুমি কল কল শব্দে বেজে ওঠো 

মাথা উঁচু করে জ্বলে ওঠো 

বিদ্যুৎ যেমন আকাশময় জ্বলে ওঠে 

সে ভাবেই আলো ছড়াও পৃথিবীর মাটিতে 

শিশিরের জলে সূর্যের আলোয় ভোরের মন্ত্র শোনাও । 

অলীক মুহূর্তে প্রজ্জ্বলিত আলোর গভীরে 

শুক্লপক্ষে চাঁদের বিস্তার 

ভৈরব রাগিনী কোমল সুরে প্রবল হয় 

শ্রুতিমুখর হয়ে ওঠে চারপাশ । 

ঘুমন্ত ভগবান চোখ মেলে দেখেন 

ধূপের গন্ধে ভরে আছে শরীর ও মন 

কাশের বনে দুলতে থাকে শরৎ 

সময়ের ঋতুচক্রে বহমান বাতাস 

সাদা মেঘের ভেলায় ভরে ওঠে রূপালি চুম্বন 

সারা শরীরে জেগে ওঠে শিহরণ 

চিকমিক করে ওঠে জোনাকির আলো  

পরিচয় রেখে যায় ভোরের দিকে

একলা ঘরে বসে লিখে যাই কত কিছু 

হে শান্ত প্রিয় নিস্তব্দতা আমার ।