তারাশঙ্কর আচার্য্য-র কবিতা

কবিজন্ম

 তারাশঙ্কর আচার্য্য-র কবিতা


অন্তহীন 


দেহাংশ আর মৃত্যু সংবাদ ছাপিয়ে 

ঘুটঘুটে অন্ধকারেও প্রাণের সাড়া 

হরপা বানে ভেসে গেল 

প্রলেপের পর  প্রলেপে

কাদার আস্তরণ 

তার নীচে সারি সারি জীবন

দিন দশেক পরে ভেসে আসে 

নেপালি ভাষাতে ক্ষীণ চিৎকার 

আমরা এখনো আছি, বেঁচে আছি 

আলোহীন, ঠান্ডা, স্যাঁতসেঁতে  কুঠুরিতে 

শুধু অক্সিজেন ভরসা করে 

বিপর্যয় ভূমে প্রাণের আশা 

খেলে বেড়ায়।




ক্ষুধা 



রাতের চেয়ে গভীর 

সকালের এই অন্ধকার 

হাড়-হাভাতের অজস্র মুখ

ছুটতে ছুটতে হাঁফিয়ে মরে

ঘাতকের হাতে আমার জন্য 

একটা বুলেট আর সব গরম শিশা

বেঁহুশ আমার মনে পড়ে থাকে শূন্যতা

আজ যারা আমার শ্রম চুরি  করে 

তারা জানে না আমার ক্ষুধা 

একদিন ঘুরে দাঁড়াবে।