তন্ময় বিশ্বাস-এর কবিতা

কবিজন্ম

 

তন্ময় বিশ্বাস-এর কবিতা

 

প্রেম অথবা প্রত্নতত্ত্ব

 

 

তোমার জন্য -

গাছ হয়ে আছি।

বিপ্রতীপে -

অগ্নিভ অন্ধকার!

 

পুনর্জন্মের শহরে,

কক্ষপথ বিচ্যুত হলে-

জনবহুল প্লাটফর্মে

প্রজাপতি,

লাশ হয়ে শুয়ে থাকে।

 

 

 

 

প্রেম

 

ভাবছি,

 পাহাড় ডিঙিয়ে

চলে যাব সমতলে।

যেখানে একটি গাছ

শাখা-প্রশাখা মেলে -

আমার স্রোতগুলিকে

নদী করে দেবে।

 

অথ

 

পাখি উড়ে গেলে তার ছায়া মায়ার মত

পড়ে থাকে উঠোনে

মায়ের হাতে আঁকা আলপনা ক্রমে

তমোগুণ পায়!

আলের উপর যে গাছটির ছায়ায় কৃষক কৃষাণী

দু:খজয়ের স্বপ্ন দেখত,

তাতে আজ নি:সঙ্গের অনুকৃতি!

 

তবু, দেখ মানুষ! কত জড়তা কাটিয়ে, মা হরিণ

তার সন্তানকে স্বস্তির দুধ দেয়!