স্নিগ্ধদীপ চক্রবর্তী-র কবিতা

কবিজন্ম

 স্নিগ্ধদীপ চক্রবর্তী-র কবিতা

শীতপোড়া বর্ণগুলি



ক্ষমতা থাকলে

জীবনকে উলটো হাঁটাতুম,

মৃত্যুকে চড় মেরে বলতুম— ফিরে যা,

এগোলে বিপদ!


অথচ এলিয়ে-পড়া আলো

বলে দেয়— সময় কম,

'আনন্দবসন্তসমাগম'

কিংবা সকল ছোঁয়াচে অসুখেরই

প্রতিষেধ পৃথিবীতে আছে:

গোপালের মতো কেবল

ক্রমণ আঁকলে

তাহাদের ভালো।


রাখাল, রাখাল!

তুমি তো সারথ্য জান।

বল তো কী ক'রে ফিরিয়ে নিই

সুবোধ ঘোড়াকে?