পায়েলী ধর-এর কবিতা
গ্রিটিংস কার্ড
মেঘ করেছে, বৃষ্টি পুড়ে খাক
অথই দুয়ার, চলকে ওঠে স্নান
এই অদিনে আকাশ-উপুড় কথা
রাখব, তেমন সহায় আছে কই?
কথার গায়ে স্যাঁতলা-পড়া ঘড়ি
সময় বড়ো হিসেবওয়ালা হল
খুচরো কিছু ক্ষতর কাছে ফিরি
ভাবছি, তবু ফিরতে পারছি কই?
ক্ষতর দেহে ফাটল ফুটে থাকে
ঠিক যেন এক অকাল পারিজাত
দু'হাত উজাড় পাঁপড়ি ঢাকি তার
গোপন, তেমন আড়াল আছে কই?
দেয়াল দেয়াল মানুষ আঁকে ঘর
মানুষ মানুষ কেবলই অভ্যেস
এরচে' বিশেষ অন্যরকম কিছু
ভাবব, তেমন বন্ধু হবে কেউ?