সফিয়ার রহমান –র কবিতা
কালরাত্রি যাপন
এই কালরাত্রি যাপনকালে
বিপন্ন মানচিত্রটি ফুঁপিয়ে কাঁদছে
ফাগুনরঙা শ্রাবণমেঘ দেখে।
শীতাতপ নিয়ন্ত্রিত কাচের ঘরে শুয়ে
ক্ষমতার আস্ফালন করছে
চিড়িয়াখানার কয়েকটি উভচর।
অদূরে হিংস্র শ্বাপদেরাও লালায়িত।
শুষ্কপ্রায় জলপাই রঙের পাশে
নেতিয়ে পড়া বিড়ি-সিগারেট
ক্ষীণ আলো নিয়ে
স্বস্তিক আঁকার চেষ্টা করছে
পলকা দড়ির হালকা শিকেয়
অনিশ্চিত জীবন বন্ধক রেখে
সরীসৃপ ও শ্বাপদেরা মুখ ব্যাদান করে
ভাগ-বাঁটোয়ারা করছে
সু-স্বাদু গণতন্ত্র