প্রসূন বন্দ্যোপাধ্যায়

কবিজন্ম
0
শার্সি

 

কিছু বন্ধুর হাতে ছেড়ে যাওয়া ধুলো লেগে থাকে।

পড়ন্ত বিকালে সে বলে ওঠে,

দুপুরে তো ফোন করলে না!

 

ফোনের শর্ত আসলে বৃষ্টিপ্রলাপ,

কীভাবে টুপটাপ শব্দ কবিতা ছড়ায়।

শুধু কি কবিতা? আর কিছু নয়?

 

স্পর্শলোভের আকালে অক্ষর তরঙ্গে ভিজে যায় খাতা।

কিছু বিদ্যুৎ জানলার গা ঘেষে

জানান দেয়, আমিও একা।

অথচ পরিবারে সবাই তো আছে!

তারা বোঝে না আমায়, আমার কবিতা।

 

একদিন বর্ষা চলে যায়,

জানলায় এসে জড়ো হয় শরৎ রোদ।

শার্সির ধুলো ঝাড়তে গিয়ে তার কি মনে হয়

কবির সাথে সম্পর্ক ঋতুকালিন অপচয়?

 

কিছু বন্ধু এভাবেই চলে যায়,

আর ফেরে না।

বছরের পর বছর নতুন বর্ষা আসে,

শার্সিতে জমে ধুলো, চারা চায় বনসাই,

নির্জন দুপুরে বেজে ওঠে ফোন,

কেমন ছিল বলুন তো আপনার কাব্যযাপন?

 

হাত থেকে ধুলো ঝেড়ে চুল এলিয়ে

মেঝেতে বসে পড়ে সে,

এত বছর বাদেও উজার করতে রাজি,

নিজেকে কন্ঠে সাজায়।

জয় গোস্বামী লেগে থাকে গীতবিতানের গায়।

তারা সকলেই নাকি বিরহ ভালোবাসে।

এসে চলে যায়।

 

কিছু বন্ধুর হাতে ধুলো লেগে থাকে,

মাঝে মাঝে চোখে এসে পড়ে কাঁকড়।

একদিন ঝড়ের পূর্বমুহূর্তে মনে পড়েছিল,

শার্সিটা টেনে দেওয়া ভালো,

সেই থেকে পরিপাটি ঘর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)