প্রদীপ মুখোপাধ্যায়-র কবিতা
প্রজাপতিটা
কালোর উপর সাদা ছিট ছিট প্রজাপতিটা
কি সুন্দর কি অপরূপ
ফিনফিনে পাখনা গুলো নাড়তে নাড়তে
বারবার উড়ে গিয়ে ঠিক ওই
হলুদ ফুলটার উপর বসছে।
অন্য ফুলে যাবেনা
অন্য রঙে বসবে না
ওই হলুদ ফুলটার সাথেই ওর মাখামাখি
যত ভাব - ভালোবাসা, যত ফষ্টিনষ্টি।
ওদেরও নির্বাচন আছে
ভালো লাগালাগি আছে
মনে প্রাণে মিল হওয়া আছে
তবেই না চিরাচরিত পরাগ মিলন।
কুক পাখিরা।
কয়েকটা কুক পাখি রোজ ঠিক এই সময়
যখন দুপুর গড়িয়ে যায় বিকেলের দিকে
ওরা একসাথে ডাকতে থাকে---
কুক - কুক, কুক - কুক, কুক - কুক---
একটা অশুভ সংকেত ছড়িয়ে পড়ে সর্বত্র।
প্রাণভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে
এখানে সেখানে লুকোতে চায়
শামুক ,ব্যাঙ ,সাপ, পোকামাকড়েরা
কারো রেহাই নেই।
অবশ্য এ ব্যাপারে কিছু বলার নেই
তাদের খাদ্য -খাদক সম্পর্ক।
বিশ্বে আরো কিছু সর্বগ্রাসী কুকপাখি আছে
তাদের ভোগের জন্য সব চাই।
যার যা কিছু ভালো, তার সবটাই চাই --
ক্ষমতার দম্ভে সে অসুর মৃত্যু ঘন্টা
বাজিয়ে চলে অবিরত।
কখনো কাউকে ছোঁ মেরে তুলে নিয়ে যায়
কখনো রক্তগঙ্গা বইয়ে দেয় যত্রতত্র।
কেউ মাথা তুলেছ কি শেষ-- ডাঙসের বাড়ি।
বিশ্বজুড়ে কোন সম্মিলিত প্রতিবাদী স্বর নেই।
বিশ্বমানবতা দু'হাতে মুখ ঢেকে আজ তাই
হাউহাউ করে কাঁদছে।