মানস দাস-এর কবিতা

কবিজন্ম

 মানস দাস-এর কবিতা

এক খন্ড সময় 



একদা আক্রান্ত এখন আক্রমণকারী 

স্মৃতিধার্য অতীত থেকে বর্তমান 

যন্ত্রণা অস্বস্তি অসহ্য 

ইতিহাসের প্রলম্বিত ছায়ায় 

একখণ্ড সময় আমি। 


বেশটি ছদ্ম , কিন্তু বয়ান একই 

তুমি অন্য ধর্ম  অন্য জাত  অন্য বর্ণ

অন্য সত্তায় জড়িয়ে তুমি অপরস্য অপর ।

তোমার অধিকার নেই এই মাটির 

অধিকার নেই  শ্বাস নেয়ার এই বায়ুতে।


বাঁচো অনিশ্চিত এখানে ওখানে 

খড়কুটো যেমন।

অশান্তি ভোগ করো আজীবন ।

মানুষ চাইলে তুমি মরতেও পারো !

আনা ফ্রাঙ্কের ডায়েরি বা লিলির প্রতিশ্রুতির

সামনে নতজানু আরো কতো মানুষ 

সোচ্চারহীন মৌন নীরব।


আমি একখণ্ড সময় 

ইতিহাসের পাতা থেকে উঠে আসা শুধু 

নীলম্বিত সাক্ষী।




বিজিত 

ফুটবলের মহাকাব্যের শেষে বিজয়ীর মুকুট একদলের 

নিত্যদিনের অভাব অনটন গ্যাস অম্বল ভুলে রাত জেগেছে বাঙালি, 

অন্তত কিছুদিনের জন্য দূরে বাজারের ব্যস্ততা গিন্নির গঞ্জনা অফিসের ফাইল। 

গুটিয়ে থাকা শামুকের মতো। 

পাড়ার ক্লাবের পুরনো টিনের চালে পতপত করে উড়েছে নীল সাদা হলুদ কিংবা লাল পতাকা।

গলির এক চিলতে আকাশ আর পাড়ার ক্লাবের শ্যাওলা ধরা দেয়াল জুড়ে ।

প্রিয় দলের জয়ে বাড়িতে বাড়তি মাংস ভাতের আয়োজন। 

বিশ্বকাপের ট্রফি হাতে একদল বিজয়ী।

আমাদের হাতে শুধু পেন্সিল আর খাতা

আর  কিছু অতিরিক্ত হিসেবে নিকেশ।