দীপশিখা পোদ্দার-এর কবিতা

কবিজন্ম

 দীপশিখা পোদ্দার-এর কবিতা

যদি ভোর হয়


এতগুলো দিন আমি শুধু শুধু নষ্ট করলাম হা ঈশ্বর!

লন্ঠন জ্বলেনি, তবু বর্শা ফলকের মতো এই ঘর 

আশ্চর্য আলোতে আমি ভরিয়ে রেখেছি, দেখ এসে 

একেকটি রাতে কত রত্নকোষ ব্যথা ও আবেশে 

চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়, প্রাণ যায়, যেন প্রাণ চলে যায়, 

তবু কোথা থেকে ভোর এসে ঝলসানো শয্যায় 

দিন পেতে বসে, আর আত্মীয়-অনাত্মীয় সব রোদ্দুর 

যারা কোনদিন আমার হল না, তাদের অপ্রীতির সুর 

বেজে ওঠে, আমার চতুর্পাশে শ্রাবণ মেঘের মতো ঝোলে! 

আমি সত্যি জানি না কীভাবে কেমন করে খোলে 

পিপাসিত ঝর্নায় স্নানকালে লজ্জায় বুজে-আসা চোখ! 


কতকাল বৃথা গেল! হা ঈশ্বর! এবার শরম দূর হোক।