নয়ন দাস -র কবিতা
জ্যামিতিক সত্য
অতিরিক্ত স্পষ্টতা আসলে এক নির্মম অন্ধত্ব।
সমস্ত আড়াল যখন নগ্ন হয়ে সামনে এসে
সহজপাঠের মতো দাড়ায়,
জ্যামিতির শেষ রেখাংশ মিশে যায়
কৌনিক ফোঁটায়;
ভ্রম ভাঙার তীব্র উল্কাপাতে—
বিশ্বস্ত চোখ পুড়ে নেমে আসে কবিতার মেঘ।
তখন—
চারপাশের নদীটা যতই আয়না হোক,
চোখের বুকে জমা স্বচ্ছ জলে
দৃষ্টি হারিয়ে যায়।
উপসংহার
তবু এক চিলতে হাওয়া, সাগর চষে—
তোমার নদী বেয়ে এনেছিল
এক জোয়ার মিঠিজল।
তোমার শুষ্ক হৃদয়-তটে
চাষ হবে, বাস হবে,
বেজে উঠবে চিরন্তন সবুজের গান।
রাতের কুয়াশা সরিয়ে নামবে এক পশলা রোদ,
ফুল-কুঁড়ির গায়ের লজ্জা মেখে।
একজোড়া মাছরাঙা আজ আদিম শিকার ছেড়ে—
মগ্ন হবে নিবির ঘন মাছ চাষে;
ভালোবাসায়—
নিজেকে অকাতরে বিসর্জন দিতে।
শুধু তোমার সম্মতি ছিলো না।