মধুমিতা রায়-এর কবিতা
নাছোড়বান্দা
প্রতিটি আঘাতের পর মেয়েটি ঠিক করে...
এই শেষ আর নয়
অতঃপর সেই পুরোনো গল্পে
ফিরে যায়
প্রতিটি অবহেলা প্রতিটি অসম্মানের পর
প্রতিজ্ঞা করে... চুকিয়ে দেবে সম্পর্ক
অথচ সেই চার অক্ষরের নাছোড়বান্দা শব্দটা
ঠিক রিনরিন করে ওঠে বুকের ভিতর
আর সে অসহায়ের মত ফিরে যায় অ্যালবামে।
অসুখ
মেঘের নামে কোন অসুখ আছে কী না
জানা নেই
তবে অসুখ হলে বড্ড মেঘ করে
কখনও মেঘ ছেয়ে গুমোট গরম
কখনও মেঘ ভেঙে বৃষ্টি
আসলে একটা শস্যখেতে মেঘটা সমস্ত অসুখ
লিখে দেবে বলে
ঝাঁপিয়ে পড়তে চায়
কখনও নিরাময় হয়,কখনও হয় না।