আগুন হারিয়ে যায় অন্ধকারে
এভাবেই বিস্ফোরণে বিকিরণে সূর্যের ক্ষয় হতে হতে
একদিন নিভে যায় জীবন
মাতনে মাতনে আছাড় খায় সমুদ্রের জলরাশি
উদ্বেলিত ম্যাগমা সহিষ্ণুতা ছুঁড়ে বেরিয়ে এসে লাভা হয়,
যেভাবে আজন্ম অন্যায়ে বন্দি জলরাশি বাঁধ ভেঙে প্রতিশোধ নেয়
পদ দলিত করে সভ্যতা, শষ্যরাশি।
সেভাবেই প্রতিবাদের ঢল নামে গ্রাম নগর রাজপথে
বিস্ফোরিত হাত খুঁজে পায় হাজার হাত
ভয়ের পর্দা ছিঁড়ে মেয়েরা দখল নেয় অমাবস্যার রাত।
অবশেষে ইস্তেহার লেখা প্ল্যাকার্ড গুলো স্থিমিত অন্ধকারে মিশে যায়,
শকুনির পাশার চালে কিস্তিমাত হয় স্বরচিত স্লোগানেরা
গোঙাতে থাকে প্লুতস্বরে হারিয়ে যেতে যেতে
বিবেকের তাড়নায় সারিবাঁধা হাতগুলো যে কোরাস রচনা করেছিল রাজপথে
বেসুরো নেকড়ের দল সে সুরে তাল কেটেছে সুনিপুণ গণিতে, জ্যামিতিক মাপে
হাজার অভয়া তিলোত্তমাদের সম্ভ্রম জীবনের বিনিময়ে
সে কোরাসে তাল কাটবে শাসকের কুটিল ত্রিকোণমিতি।
মানচিত্র বরাবর চলছি
তোমার অভিশাপের মানচিত্র বরাবর চলছি
যেমনটি কল্পনায় চেয়েছিলে তার চেয়েও নিখুঁত
একটা একটা করে অস্ত্র বিষর্জন দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে ঠাঁই দাঁড়িয়ে
নিরস্ত্র করেই তো মারতে চেয়েছিলে তিলে তিলে!
জেতার তীব্র ক্ষুধায় আমার স্নায়ুতন্ত্র হজম করেছ অনায়াস
মেঘের আড়ালে আছি ভেবে
আজন্ম যুদ্ধ করে গেলে হে বীরাঙ্গনা!
অভিশাপের ব্রম্ভাস্ত্র শাণিত ক্ষুরধার দাঁতের ফাঁক গলে
কত আর বাঁচা যায় বলো!
তুমি তো শুধু মৃত্যু চাওনি!
লকলকে চেরা জিহ্বাগ্রর পরশে অবশ মরণ অনিবার্য জেনেও
সে পথ ক্রুরতায় পরিহার করেছ প্রিয়তম!
দখলদারিত্বের নেশায় আচ্ছন্ন ভোগদখলে কি ভরে মন!
আমার হাড়মজ্জা থেঁতো করে গিলিয়ে তোমাকে শান্তি দেবো
শুধু তোমার করাল গ্রাস থেকে
আত্মজকে রক্ষা করো প্রেয়সী !
যাঁদের প্রেম পাওয়া হল না
এই রক্তাক্ত আকাশের কালো ধোঁয়ায় রুগ্ন বসন্তের মাঝে
যদি সাইরেন বেজে ওঠে তবে আঁতকে উঠো না প্রিয়
পাহাড়ি গুহা এখন আর নিশ্ছিদ্র নেই
বাঙ্কারে বাঙ্কারে ভয়ার্ত শিশুদের হাহাকার দেখে
রক্তনেশায় মাতাল হোয়ো না
মরুপ্রান্তরে বালি নুড়ির মতো বারুদ জমা হৃদয়ে
বিদ্বেষের স্ফুলিঙ্গ বড্ড স্পর্শকাতর প্রিয়!
কখন যে মস্তিষ্ক ফুঁড়ে স্বল্পদামী ড্রোন আগুন জ্বালিয়ে
হৃদয়ে ধ্বংসলীলা চালায় বলা যায় না!
তুমি জানো না,পৃথিবীর মৃতসুমারিতে শিশুদের আধিক্য ক্রমবর্ধমান
সভ্য আঙুলে টেপা মিশাইলম্যানদের
নিরীহ আর্তনাদ এখন বড় পছন্দের
এই প্রলয় দখিনা হাওয়া কালবৈশাখী হয়ে উঠল বলে
হতাশ হোয়ো না
ধ্বংস স্তুপের দিকে, সর্বগ্রাসী আকাশের দিকে না তাকিয়ে
মাটির দিকে, গাছের দিকে,মৌমাছি প্রজাপতির দিকে চেয়ে দেখো
এই দুর্দিনেও তারা স্বপ্ন বোনে বেঁচে থাকার
উত্তাল বারুদ গন্ধে বীরগাথা না শুনে বরং
মৃত শিশুদের কানে কানে কিছু পদাবলী শুনিও!
বৃষ্টিপাতের দাবী নিয়ে
তারপর আকাশজুড়ে কালবোশেখী নামবে
ঝড়ের উত্তাল সমুদ্রে ধুলোর মত উড়ে যাব শুকনো পাতার দেশে
একের পর এক বিদ্যুৎচমকের মত তোমার কথা বজ্রাঘাত হানবে মরুদেশে
লোয়েশভূমিতে তখনও বৃষ্টির আশায় অপেক্ষা করবো ঝড় থামার
অপেক্ষা করবো তোমার কোমলতা জড়ানো বৃষ্টিপাতের
তুমি জানো না সাহারাতে এভাবে অপেক্ষমান কত সুসভ্যতার ফসিলরা
তোমার কোমলতার সবুজপাতায় ডিঙি ভাসাবার স্বপ্নে
তাঁরাও দিন গুনে চলেছে অবিরাম
হে রাজকন্যে রুদ্রতেজের অবসানে এ তৃষ্ণার্ত প্রান্তর সতেজ করে দাও
একফোঁটা অশ্রুপাতের অপেক্ষায় আর কতকাল!
এ শুষ্ক ধুলিঝড়ে বৃষ্টি নামাও প্রেয়সী
তাতে যদি গঙ্গোত্রী উথলে বান ডাকে
তবে নোয়ার নৌকোয় ভাসবো বিজনে।
সঙ্কুলান
তোমার সাথে হওয়া কথাগুলো আলমারিতে রাখতে গিয়ে মনে হল
আমার তো স্মৃতিভ্রমের চিরাচরিত ব্যামো আছে
যদি জল হাওয়া দিতে ভুলে যাই!
অক্সিজেনের অভাবে যদি শ্বাস নিতে না পেরে অকাল পরিণতি নেমে আসে!
অথবা কথাদের ঠাসাঠাসিতে পাও অস্বস্তিকর বেদনা
তাই খোলা আলনার তাকে ঝুলিয়ে রাখা যায় কিনা ভাবতেই মনে হল
এতো যত্নের কথাস্মৃতি অগোছালো রাখবো কেমনে?
নিত্য ব্যবহার্য শার্ট -প্যান্ট- গেঞ্জি তো নয়
কত দিন-মাস-বছর পার করে তবেই তো বলা হয়েছিল শব্দে কবিতায় মুখফুটে
কাকপক্ষীকে না জানিয়ে অনুভব করেছি তো শুধু দুজনেই
সেই কয়েকটিমাত্র কথাকে তাই খুব যত্নে রাখতে চাই
একান্তের সঞ্চয় হিসেবে জহরতের মত গোপনে
দুর্দিনে দুর্ভিক্ষের কালে যদি কাজে লাগে
তুমি তো জানো, গোপনীয়তাই এ মূল্যের মানদণ্ড
অথচ আমার ঘরে একটা আলমারি আলনা আর আমাদের একজোড়া মুখ ছাড়া
এ কথা গোপনে রাখার একটিও জায়গা নেই !