অদীপ ঘোষ

কবিজন্ম
0

স্বপ্নভঙ্গ


সূর্যোদয়ে ও পূর্ণিমায় স্বপ্নের দরজাগুলো নাকি খুলে যায় 

সমুদ্র ও আকাশের নীলে চূড়ান্ত মুক্তির কত কথকতা 

অরণ্যের স্বরলিপি থেকে শোনা যায় সবুজের ধ্রুপদী কোরাস 

অন্ধকার জল ভেঙে মাটি ছোঁয়া এই সব আনন্দেরই লোভে 

মাটি ছুঁয়ে দেখা গেল রঙ-বেরঙেরা সবই আড়াল করেছে 

সহজ অঙ্কেরা দল বেঁধে ঢুকে গেছে গাঢ় জটিল গুহায় 

পাহাড় পাথর হয়ে ষড়যন্ত্রে সমতলে বেবাক লোপাট

অক্ষরের চেহারায় এসব বদল এলে একটা সময় বোবা হয়ে 

বিকলাঙ্গ করে দেবে ইতিহাসকথা 

যেসব অস্তিত্ব বাঁচে মৃত্যুর পরেও তারা জাদুঘরে ঢুকে যাবে কবন্ধের ঢঙে 

মেধা ও মনের লক্ষ উচ্চারণ ডুব দেবে দুর্বোধ্য লিপির তকমায় 




যেদিন নালন্দা খুন হয়েছিল 

তারা সব মগ্ন ছিল আলোর সড়কে

কুৎসিত অন্ধকার এভাবে যে আলো গিলে খাবে 

আকাশের গায়ে তার বিন্দুমাত্র ভূমিকা ছিল না 

হাজার হাজার খুনে ভিজে গেল পীঠস্থান লক্ষ সম্ভাবনা 

ছিন্নভিন্ন পুথিপুঞ্জ জান্তব দাপটে 

সুগন্ধি ফুলের কুঁড়ি টুকরো টুকরো দেখে মৃত্যুও শিউরেছিল খুব 

সেই রক্তাঞ্চলে আজও কী গভীর বিষাদের মায়াবী ছায়ারা 

রোজ রাতে হাওয়ায় সাঁতার দেয় 

চোখ বুজে স্পষ্ট দেখি চারপাশে ভাঙাচোরা আলোর শরীর 

সেদিন দুপুরে রোদ থমকে গেছিল 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)