আশির দশকের ব্যতিক্রমী কবি রামকিশোর ভট্টাচার্য। কবিজন্মের অনলাইন শারদ সংখ্যার আলোকিত কবিমুখ তিনি। তার গুচ্ছকবিতার সাথে তাঁর কবিতার নানা দিক নিয়ে এবং তার কবিতা যাপন নিয়ে আলোচনা করেছেন দু’জন বিদগ্ধ লেখক।এই কাজগুলি গুছাতে গুছাতে কবিজন্ম পত্রিকার সম্পাদক সৌরভ চট্টোপাধ্যায়ের আবদারে (যে হেতু কবির সাথে পত্রিকার সম্পাদকের ৩০ বছরের অধিক দাদা ভাইয়ের সম্পর্ক) নানান ব্যস্ততার মধ্যেও তাঁরকাছে রাখা প্রশ্নগুলির প্রতি তিনি আলোকপাত করেছেন আন্তরিকতায়।কবিতার পাঠকের কাছে এ ধরনের প্রশ্ন-উত্তর বহুমাত্রিক আলোর দিশা দেয়।
সৌরভ চট্টোপাধ্যায়: নমস্কার রামকিশোর দাদা।বর্তমান সময়ে আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন।আজ সারাদিন অআকাশবানী এবং সাহিত্য অআকাদেমীতে বিভিন্ন অনুষ্ঠানেও কাটিয়েছেন জেনেছি। তবু পাঠকের প্রতিনিধি হিসাবে অআপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। আশা করছি আমার এই আবদার আপনি মেটাবেন।
প্রথমেই যেটা জানতে চাই তা হলো কবিতা তার ফর্ম ভাঙছে গড়ছে প্রতিনিয়ত। নানা রকম পরীক্ষা। এখন কবিতা কি জানতে চাওয়ার থেকেও প্রয়জনীয় স্বল্প কথায় জেনে নেওয়া কবিতা কি নয় ?
রামকিশোর ভট্টাচার্য : তোমার সঙ্গে সহমত ..কম কথায় কবিতার কথা বলার সময় এসেছে ...গতির যুগে এমনিতেই মানুষ কবিতা পড়ছে না...কম কথায় না বললে মানুষ পড়বেই না ৷
সৌরভ : কবির চোখ অর্থাৎ কবির দেখবার ভঙ্গীই কবিতায় পাঠকের দেখবার ক্যানভাস প্রভাবিত এটা কতখানি সত্য?
রামকিশোর ভট্টাচার্য : আমি সহমত নই কারণ কবির চোখেই যদি পাঠক কবিতার ক্যানভাসটি দেখে তাহলে কবিতা একমাত্রিক হয়ে যাবে ৷ একটা ভালো কবিতা পাঠক পড়ে নিজের নিজের ক্যানভাসে দেখে নিজের মতো ভাবতে পারলে কবিতাটি বহুমাত্রিক হবার সম্ভাবনা থাকবে ৷
সৌরভ : কবিতায় বলা এবং না বলার আলো অন্ধকারের দ্বন্দ্ব কি ভাবে দ্যাখেন?
রামকিশোর ভট্টাচার্য : একটা ছোট্টো নাকছাবির হীরে অালো আঁধারে যত উজ্জ্বল একটা বড় হীরে ততটা হয়না ৷ যত কম কথা বলা যায়, বেশি আলোর চেয়ে ছায়াটি যত নিখুঁতভাবে কবি আনতে পারেন কবিতায় রহস্যময়তা তত বৃদ্ধি পায় ৷
সৌরভ : কবিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি তার ভাষা আঙ্গিক, অলংকার না কি কবির দেখা ও পরিমিত আবেগের প্রকাশ?
রামকিশোর ভট্টাচার্য : একটু কম বেশি হলেও তিনটিই গুরুত্বপূর্ণ ৷
সৌরভ : আপনাদের লেখালেখির শুরুর দিনগুলি অর্থাৎ সত্তরের শেষ এবং গোটা আশি জুড়ে যাঁরা কবিতা লিখতে এসেছেন সকলেই কবিতার আঙ্গিক ও ভাষা নিয়ে নানা পরীক্ষা নিরিক্ষা করেছেন নানাভাবে যা অন্য দশকে ততটাও প্রকট হয়নি। পঞ্চাশবছর ধারাবাহিক কবিতা যাপনের পর এই দীর্ঘ ব্যতিক্রমী পথ কতখানি ফলপ্রসু বলে মনে হয়?
রামকিশোর ভট্টাচার্য : কবিতা দুরকমের আপন মনের মাধুরী মিশিয়ে নির্মিত কবিতা , আর মহাকাশ থেকে কোনও এক সময় হঠাৎ নেমে আসা কবিতার পংক্তি , যা উলের গোলার মতো খুলে খুলে কবি কবিতা বোনেন ৷ দু'রকমের কবিতাই ক্ষণকালের বা চিরকালের হতে পারে ৷ আমার সমকালের বেশ কিছু কবি কবিতায় অনেক পরীক্ষা নিরিক্ষা করেছেন ৷ যার ফলে তাঁরা যতনা বেশি লাভবান হয়েছেন , অনেক বেশি লাভবান হয়েছে বাংলা কবিতা ৷ তাঁরা যে পথগুলি ধরে চলেছিলেন সেই পথে পরবর্তী দু'টি দশকের অনেক অনুজ কবিরা বাংলা কবিতাকে সমৃদ্ধ করছেন বটে কিন্তু একথা বলতেই হচ্ছে বর্তমান সময়ের ছেলে মেয়েরা অর্থাৎ জেনজিরা অধিকাংশই বাংলা কবিতা নিয়ে শুধু নয় বাংলা সাহিত্য নিয়েই ভাবেই না ৷
বাঙালি এখন আর কবি মনস্ক হয়েই জন্মায় না ৷ প্রাচীন প্রবাদ এখন মিথ্যা হয়ে গিয়েছে ভাই ৷ তাই কবিতার দীর্ঘপথ নিয়ে আমি খুব আশাবাদী নই ৷ তবু আশায় মরে চাষা ৷
সৌরভ : পেছনে ফিরলে কি মনেহয় বলতেচাওয়া অনুভুতিগুলি কবিতায় কতখানি উজার করে দিতে পেরেছেন?
রামকিশোর ভট্টাচার্য : চেষ্টা করেছি মাত্র, আজ মনে হয় কিছুই পারিনি ৷ তবু যতদিন বাঁচবো চেষ্টা করে যাবো একটি কবিতা লিখতে ৷ কত কথা বলার ছিল বলাই হল না ৷ জীবনে মহাকাশ প্রেরিত প্রেমটাই আসি আসি করে এলো না আজও ৷ অপেক্ষায় আছি ৷
সৌরভ : একসময় একটি অসাধরণ পত্রিকা সম্পাদনা করতেন। আজকের দিনে দাঁড়িয়ে লিটলম্যাগ সম্পাদক হিসাবে কবি রামকিশোর ভট্টাচার্য কে কি ভাবে দ্যাখেন?
রামকিশোর ভট্টাচার্য : আমরা সাতের দশকে যে কনসেপ্ট নিয়ে পত্রিকা নিয়ে লিটল ম্যাগাজিন করতে এসেছিলাম , যুগ এবং শতাব্দী পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই বদলে গিয়েছে সব ৷ এখন লিটল ম্যাগাজিন অনেক স্মার্ট ৷ প্রকাশিতও হয় অনেক ৷ তবে সেসময়ের মতো গ্রামে গঞ্জে শ'য়ে শ'য়ে নয় ৷ একজন কবি মানেই একটা লিটল ম্যাগাজিন , সে ভাবনার দিন শেষ ৷
সৌরভ : ছোটদের জন্য আপনার সাহিত্য কর্মও যথেষ্ট উজ্জ্বল। এ বিষয়ে আপনার নিজের অনুভব?
রামকিশোর ভট্টাচার্য : ছোটরাই তো আমার প্রাণ ৷ আগামীর পথ দেখায় ৷ একটা পদ্যে লিখেছিলাম " আসলে অতীতকথা বড়রাই ভুলেছে / শৈশব বাক্সটা কে কে কবে খুলেছে ? / কেউ যদি খোলে সেটা দেখা যাবে স্পষ্ট / এক কোণে পড়ে আছে ছোটো ছোটো কষ্ট " ওই কষ্টগুলোই আমায় ছোটদের জন্যে লেখায় ৷ রসদ যোগায় ছোটোরাই ৷ এই তো সম্প্রতি আমার একটি গল্পের বই আটটা গল্প নিয়ে প্রকাশ করেছে
" বরাহনগর দর্পণ " ৷ নাম " চমচমপুরের সিংহরায় " সব গল্প আমার আশেপাশের ছোট্ট ছেলেমেয়েদের নিয়ে ৷
সৌরভ : আপনার প্রতিটি কবিতার বই একটির থেকে অন্যটি স্বতন্ত্র। এটাকী নতুন ভাষা কিম্বা নতুন আঙ্গিকের খোঁজ নাকি অন্যকিছু?
রামকিশোর ভট্টাচার্য : হুম অবশ্যই যতদিন না আমি নতুন ভাবে কিছু লিখতে পারি ততদিন বই প্রকাশ করি না ৷ ওইজন্যেই তো আমি সাতের দশকের শেষ থেকে লেখা শুরু করলেও প্রথম বই হয়েছে নয়ের দশকে ৷ তাও মঞ্জুষদার ধমকে ৷ নাম ছিল " নতুন জলের গন্ধ " ৷ তবে সম্প্রতি কয়েকজন প্রকাশক ও লিটল ম্যাগাজিন সম্পাদক আমায় ভালোবেশে এবং নিজ উৎসাহে কবিতার বই করছেন ৷
সৌরভ : সমকালীন পছন্দের কবির তালিকায় প্রথম পাঁচ কে কে?
রামকিশোর ভট্টাচার্য : এভাবে বলা যাবে না ৷ নতুন নতুন কবিতা পড়তে পড়তে বদলে যায় প্রিয় কবি ৷ তবে আমার চিরকালই বন্ধু ধীমান চক্রবর্তীর কবিতার উপর একটু গভীর ভালোবাসা ও পক্ষপাত আছে ৷
সৌরভ : পছন্দের কবিতার বইয়ের তালিকার প্রথম তিন?
রামকিশোর ভট্টাচার্য : বলা যাবে না ৷ ওভাবে ভাবিনি কখনও ৷
সৌরভ : রামকিশোর ভট্টচার্য-র ব্যতিক্রমী ভাষা চিনতে হলে একটি বই পড়তে চাইলে কোন কাব্যগ্রন্থের কথা বলবেন?
রামকিশোর ভট্টাচার্য : এভাবে বলা খুব কঠিন ৷ তবু অনেক পাঠকের বিচারে চুঁচুড়ার "ছায়াবৃত্ত" লিটল ম্যাগাজিন ও প্রকাশন কর্তৃক এ বছরেই প্রকাশিত " সুধাময় " বইটির কথা বলতে পারি ৷
সৌরভ : দীর্ঘদিন ধরে ধারাবাহিক কবিতার সভা আয়োজন করছেন। আড্ডা কবিতাকে কতটা প্রভাবিত করে বলে মনে হয়?
রামকিশোর ভট্টাচার্য : কয়েকদিন আগে সাহিত্য পরিষদ আমায় ডেকেছিল ৷ বিষয় ছিল " আড্ডার কবিতা , কবিতার আড্ডা " আমার লিখিত বক্তব্যটি দেবেন্দ্র কুমার দেবেশ চেয়ে নিয়েছেন ৷ অন্যভাষায় অনুবাদ করা হবে বলে ৷
সেখানে আমি বলেছি , আড্ডা দিয়ে কবিতা হয় না ৷ কবিতা নির্জনে নিভৃতে আসে প্রেমিকার মতো ৷ তবে আমি বিশ্বাস করি খুব উচ্চমানের যে ঘরোয়া কবিতার আড্ডাগুলি হয় সেগুলি কবির ভাবনাকে সমৃদ্ধ করে ৷ কিছুটা প্রভাবিত করে তার বহু প্রমাণ আছে ৷ আমার বাড়িতে এর আগে গত শতকের নয়ের দশকে ৫০ টি আড্ডা হয়েছে ৷ বন্ধ করে দিয়েছিলাম একটি বিতর্কের কারণে ৷ আবার এ শতকের ২০১৪ থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ১২৩ টা আড্ডা হয়েছে ৷ ব্যক্তিগত ভাবে আমি সমৃদ্ধ হয়েছি ৷
সৌরভ : বাংলা কবিতায় নেপোটিজম । এ বিষয়ে আপনার মন্তব্য
রামকিশোর ভট্টাচার্য : নেপো থাকলে ইজম থাকবে ৷ দইও মারবে ৷ প্রাচীন যুগ থেকে স্বজনপ্রীতি ছিল ..
আছে ..থাকবেও...ওই নিয়ে মাথা ঘামাই না ৷ তবে হ্যাঁ মাঝে মাঝে কষ্ট যে হয়না তানয় ৷ তখন নিজেকে বোঝাই " তুমি এ প্রাপ্তির যোগ্য নও ৷ দেখো ভাই আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ ৷ ভবতারিণীর প্রতি আমার গভীর বিশ্বাস আছে ৷ তিনিই আমার স্বজন ৷ তাঁর নেপোনিজমেই দই মেরে গেলাম এতদিন ৷
সৌরভ : ধারাবাহিক ভাবে ৫০ বছরের বেশী কবিতা চর্চায় প্রাপ্তি !
রামকিশোর ভট্টাচার্য : মানুষের ভালোবাসা , প্রেম আর তোমার মতো ভাইদের অন্তরে স্থান পাওয়া ৷
সৌরভ : আপনার ভবিষ্যতের কবিতা ভাবনা নিয়ে যদি কিছু বলেন
রামকিশোর ভট্টাচার্য : একটা প্রকৃত ভালো কবিতা লিখে যাওয়া , যা মহাকাশের গায়ে লেপ্টে থাকবে ৷ পৃথিবী থেকে দেখবে সবাই ৷ আলো এসে মুছে দেবে সবুজ পৃথিবীর অন্যায় সব ৷ সব শিশুরা শাসন করবে সর্বত্র ৷ যুদ্ধহীন, অস্ত্রহীন প্রতিযোগিতা থাকবে পৃথিবীকে সুন্দর করার ৷
সৌরভ : ধন্যবাদ দাদা। কবিজন্ম পত্রিকা আপনার সুস্থ ও সৃজনশীল জীবন কামনা করে। আপনি আরো ভালো থাকুন। নতুন নতুন লেখায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন।