বিভাবসু

কবিজন্ম
0

স্বীকারোক্তিসমূহ

 

একটা অপার বেদনাধারা

একটা পারাপারহীন চৌকাঠ

একটা দৃষ্টিশূন্য চেয়ার

একটা ব্যর্থতামোড়া আকাশদীপ 

 

এইসব সময়ের অনন্যতা

এইসবই নৈমিত্তিক

 

আজকাল পরিত্যক্ত ব্যথাদের পাশে বসে অট্টহাসি পায়

ঘুম পায়

নিঃসঙ্গতা পায়

রসাতল পায়

 

আজকাল একজন নপুংসক রাজার স্বপ্ন দেখি

দেখি তার ভোজালির কোপে

আমার ধর থেকে অধর আলাদা হয়ে গেছে

কতবার আঁতকে উঠি

শব্দহীন চিৎকারে গুমড়ে মরি 

তখন আকাশভেঙে ঝড়জল জাগে

কান্না জাগে

যেন হিমশীতল এক মৃত্যুও জাগে

 

হায় আমার অন্ধত্ব আমাকে ছাড়ে না।

আমার মোহও আমাকে ছাড়ে না।

আমার উঠোন জুড়ে আত্মহত্যাদের মেহফিল

চিল-চিৎকার

ডি.জে-র নিনাদ

উন্মত্ত মানুষের বীভৎস উল্লাস

ফলত মাথাব্যাথা আমাকে ছাড়ে না

 

বিনষ্ট এক সময়ে বেঁচে আছি,

কোনোমতে বর্তে যাচ্ছে দিন

তবু অলোর দিকে আশা মেলে রেখেছি

যদিও আলো কেবলই দূরে সরে যাচ্ছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)