হুসনে বানু

কবিজন্ম
0
রামকিশোর: কবিতায় বিজ্ঞান সাধনা


 একবিংশ শতাব্দীতে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে একজন উল্লেখযোগ্য কবির নাম সততই উঠে আসে, তিনি হলেন কবি তামাকিশোর ভট্টাচার্য। কবি রামকিশোর ভট্টাচার্য বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসীমুদ্দীন, কুমুদরঞ্জন, কালিদাস রায়, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যিক জগতের গণ্ডীর মধ্যেই নিজেকে আবদ্ধ রেখেছিলেন। সেইসঙ্গে ছন্দের কথাছবিতে নিজেকে আটকে রেখেছিলেন। কিন্তু কলেজে পড়াকালীন জীবনানন্দ দাশের কাব্যের পরাবাস্তবতার জগৎ কবির অন্তর্জগতে এক তুমুল আলোড়নের সৃষ্টি করে। আর তখন থেকেই কাব্যিক জগতে তাঁর পথ চলা শুরু হয়ে যায়। তাই গণিকালয়ের চিনিবৃত্তান্ত তিক্ততার সৃষ্টি করলেও এক দল তরুণ কবি সমর্থনের হাত বাড়িয়ে দেয়। আর সেই কবিদের সাহচর্যে রামকিশোরের নিজস্ব কাব্যিক জগতের বিনির্মাণ ঘটে। সেই সঙ্গে স্বীয় মানসরূপের পরিবর্তন ঘটে এক অপরূপ রূপময়তায় বাস্তবতার কানাগলিতে তাঁর কবিতাকে প্রয়াণ করায়। যান্ত্রিক যুগের শ্বাসরুদ্ধকর পরিবেশই তাঁকে বাস্তব জীবনের রূপকার করে তোলে। তিনি যখন কবিতা লেখেন তখন সেই সময়কার স্বীয় ভাবনালোকের বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর কবিতায়। লেখার সময়ে 'আমি'র একটা বিন্যাস তৈরি হয়ে যায়, যে 'আমি'র মধ্যে দিয়েই কবিতা মানসের রূপটি পরিস্ফুট হয়। আর এই আমি শুধুমাত্র 'an assembly station of life'। আসলে এই পৃথ্বীলোকের সমস্ত প্রাণ যেহেতু এই 'আমি'র অন্তর্গত তাই 'আমি'র চিরকালীন মিথ ভেঙে এটাই বলা যায়, এই 'আমি' এক অসীম ক্ষেত্রমাত্র। আসলে অহম বা 'আমি'র সেই ব্রহ্মটিই হল অসীম। তবে নিরিবিলি শিল্পরূপ মেধার মধ্যস্থতায় বৈচিত্রের অনুসন্ধানের মধ্যে দিয়ে অন্তর্লোকের নতুনের সন্ধান পাওয়া অবশ্যম্ভাবী হয়ে ওঠে। শব্দ-ধ্বনি-অর্থের পরিবর্তনের মধ্যে দিয়ে ক্ষণকালের কবিতা চিরকালের দিকে বিস্তৃতি লাভ করে। আর আত্মপ্রসঙ্গ তখন বিশ্বপ্রসঙ্গের দিকে অগ্রসর হয়। এই কবির কবিতা আলোচনার মধ্যে দিয়ে আমি বাংলা সাহিত্যাকাশে তাঁর অবদান সম্পর্কে পাঠক সম্প্রদায়কে ওয়াকিবহাল করতে তৎপর হয়েছি। বাংলা কাব্য সাহিত্যে তাঁর সম্বন্ধে পূর্ণাঙ্গ আলোচনা হয়নি বলেই জানি। আমি সশঙ্কচিত্তে এই কাজে অগ্রণী হয়েছি। আমি কবি রামকিশোর ভট্টাচার্যের উল্লেখযোগ্য কবিতাগুলি ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না যে, কবিহৃদয়ের তীব্র মানসিক বেদনা ও ক্ষোভ। সময়ের কাছে কবি নিজেকে অক্ষম বলে প্রতিপন্ন করেছেন। তাই 'ভালোবাসি' শব্দটা কবির কাছে অভিশাপগ্রস্ত। কিন্তু দিব্যদ্রষ্টা বলেই কবি জেনেছেন স্বীয় জীবনের আত্মগ্লানির যন্ত্রণা, জেনেছেন ক্ষণে ক্ষণে সংগ্রামী পথের মধ্য দিয়ে অমৃত প্রেমান্বেষা। তাই কবির ভালোবাসার মধ্যে ঈশ্বরী অধিষ্ঠান করছে- "জলের গায়ে জলের ফোঁটার শব্দ বাজে/ভালোবাসি, জলপুরাণে চুলকানো দাগ।/নাগকেশরে আজন্ম সুখ প্রজাপতি/তাই বসেছে ঈশ্বরী তোর ভালোবাসায়।” (সংলাপ, নতুন জলের গন্ধ)। কবির এই ব্যাকুলতা, বেদনার্ত হৃদয়ের মর্মটুকু সহজেই উপলব্ধি করা যায়। 'রাত্রিগাছ' কবিতায় রাত্রিগাছ ও জীবনরাত্রি একাকার হয়ে গেছে। যা কবিজীবনে বিষাদময়তার সঞ্চার ঘটিয়েছে- "রাত্রিগাছ। পাতা ঝরে ক্রমশ বিষাদ।" (রাত্রিগাছ, লিখে রাখি ভাঙা সন্ধ্যাগুলি) বাংলার প্রকৃতি ও সুগন্ধের প্রতীক বকুল ও কদম- যা বিশেষত বর্ষা ও বসন্তের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা গ্রহণ করে এবং স্বপ্ন বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সঠিক পথ বা নির্দেশিকার সমাপ্তি ঘটলেও অর্থাৎ 'স্বপ্নপূরণ' মানে আকাঙ্ক্ষা বা লক্ষ্য অর্জন এবং 'স্বরলিপি' বলতে এখানে জীবনের সুর বা সফলতার পথকে বোঝানো হয়েছে। আর ক্রশওয়ার্ড পাজলের ঘরে বসন্তের আগমন বা ফাল্গুনের আমেজ অনুভূত হবে না। তীব্র কষ্ট, ত্যাগ বা চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ও নিজের অস্তিত্ব বিপন্ন করে আমাদের কল্পনাবিলাসী, জাদুকরী ও শৈশবের সরল বিশ্বাস ধার গতিতে আধুনিক বাস্তববাদী যান্ত্রিক জীবনে ভাগ্যের এমন অলীক বিশ্বাস, যা দূর থেকে পাওয়ার আশা জাগালেও বাস্তবে তা সম্ভব নয়, শুধুমাত্র বিভ্রম বা প্রতারণা তৈরি করে- যা সহজেই বিলীন হয়ে যাচ্ছে। আসলে মানুষের সরলতা, অলৌকিকতার প্রতি বিশ্বাস, সততার জয় ও কল্পনার জগত থেকে সরে এসে কঠোর বাস্তবতায় নিমজ্জিত হওয়ার ইঙ্গিত প্রদান করে। তবুও মেঘলা আকাশ দেখে মনের মধ্যে প্রশান্তি, আনন্দ ও তৃপ্তি অনুভূত হয়। আর সেই আনন্দময় অনুভূতির মধ্যেই মনোকষ্ট বা ক্লান্তির শারীরিক প্রকাশ ঘটিয়ে কবি বলেছেন- "বকুল-কদম কিংবা স্বপ্নপূরণের স্বরলিপি শেষ হয়ে গেলে ক্রশওয়ার্ড পাজলের এক ঘরে ফাল্গুন বাজবে না আর। নিজেকে ঝলসে নিতে নিতে রূপকথারা হারিয়ে যাবে অদৃষ্ট-মরীচিকার ভেতর। তবুও কত মেঘ-আহ্লাদ। দীর্ঘনিশ্বাস বসে থাকে পাশের চেয়ারে...।" (একা, ইমন মনের বিলাসখানি) আবার কবির প্রকৃতির সঙ্গে এতটাই আত্মিক যোগ ছিল যে, নক্ষত্র ঢেউয়ের দুঃখ যেমন কবি উপলব্ধি করেছেন, ঠিক তেমনি শিশুি পিতা-মাতা নদীটির আত্মীয়স্বরূপ বলে পরিগণিত হয়েছে। আসলে নদীও জানে ভালোবাসার লক্ষণগুলো। জীবনীগ্রন্থির জটিলতাকে চিত্রায়ে জন্য কবি প্রতীকী-ব্যঞ্জনারূপে প্রকৃতির তাৎপর্য উদ্ঘাটনে প্রয়াসী হয়েছেন-"নদী জানে, ভালোবাসার লক্ষণগুলো, তাই, মাঝে ওড়া ছোলশিশু হয়ে খেলে জলের ভেতর/আর মেঘের মতো ভাসে ফুটনোটগুলো।" (নদী জানে, নতুন জলের গন্ধ)। জীবনের সঙ্গে প্রকৃতির যে এক অচ্ছেদ্য বন্ধন রয়েছে কবি নিজে জীবনাভিজ্ঞতার দর্পখে উপলব্ধি করেছিলেন। যান্ত্রিক নগর সভ্যতার ছায়া এমনভাবে গ্রাস করেছে যে, সেখান থেকে বেরিয়ে আসার পথ রুদ্ধ। তাই তিনি দারুণ মানসিক অন্তর্থশ্বজনিত গভীর হতাশায় ও আত্মণিজারে ফেটে পড়েছেন। গলিত পচা অন্ধকার সমাজের অবক্ষয়িত রূপ একবুক দীর্ঘশ্বাস পুরানো স্তূপ-জঞ্জালের পাশে নদীর শরীরে থুবড়ে পড়ে। আত্মগ্লানির স্বীকারোক্তিতে কবি ব্যক্ত করেছেন নির্দ্বিধায়-"ভোঁ ভোঁ কানামাছি ঠাসা অন্ধকার চোরাটান/একবুক দীর্ঘশ্বাস থুবড়ে পড়ে/পুরানো ডুপের পাশে নদীর শরীরে ।" (নিঃস্ব নদীর পাশে, নতুন জলের গন্ধ)। এরপর কবি ভৌগোলিক ব্যাখ্যার মধ্য দিয়ে কবির হৃদয় ও মননের এক অদ্ভুত সুসামঞ্জস্য ও সংহতিতে চিত্ররূপময়তা বাস্তবতার মধ্যে, কল্পনার মধ্যে, কথামালা ও শব্দমালার মধ্যে মিলেমিশে অখণ্ডভাবে অনিন্দ্যসুন্দর রসসৃষ্টিতে সক্ষম হয়েছেন। শুধুমাত্র চিত্ররূপময়তা নয়, প্রকাশভঙ্গিতে কবি-হহৃদয়সঞ্জাত এক গাঢ়োনুভূতি ও সাংকেতিকময়তা লক্ষিত হয়েছে।"লেগে আছে শুধুমাত্র অভিমান স্পেকট্রাম/আর কিছু জলাকার টুকরো কথামালা/কিন্তু আবছা আলোয় পুচ্ছভার নক্ষত্র হঠাৎ/ব্ল‍্যাকহোল থেকে নিয়ে এল আরও শব্দমালা, ঝাঁক বেঁধে লেগে গেল শীর্ণ আঙুলে/অক্ষরের সারি দল বেঁধে উড়ে এল অরোরা অস্ট্রিয়োলোলিস।" (নিঃস্ব নদীর পাশে, নতুন জলের গন্ধ)। আমাদের সামাজিক, অর্থনৈতিক জীবনে যে অবক্ষয় ও নৈরাশ্য পীড়িত শূন্যতার জন্ম হয়েছে তারই সার্থক রূপায়ণ কবি তাঁর কবিতায় প্রকৃতিচেতনার মধ্য দিয়ে তুলে ধরেছেন "তবু প্রাণপণ উড়ে যেতে হ'ল।/ তখনই ঝাউ ডালে ডালে চিরবিরহের/ সে বিচিত্র সঙ্গীত, শান্তনিবাস গড়িয়ে গেল বুড়ি/বালামের দিকে... বুড়ি/ বালামের পিঠে মেঘের ফাঁদ... চাঁদ দৌড়চ্ছে দূরে... ঝাউপাতা- ঝিনুক পাখিরা এ সময় ইচ্ছে মতো ছবি। হরিণ স্বভাব/ মিনিস্কার্ট জল ছুঁড়ে দিলে তারাই কেমন দোয়েল-সিগাল যাবতীয় চেনা/ রঙ ভীষণ অচেনা।/তাদের ছায়ায় বসে আছি হাত পাতলেই। উড়ে আসছে জল পালক, ছাই রঙ প্রাচীন মেঘের...।" (চাঁদিপুর, লিখে রাখি ভাঙা সন্ধ্যাগুলি)। যন্ত্রযুগের কানাগলিতে পথ হারিয়ে কবি প্রকৃতির অনন্য সৌন্দর্যলোকের মধ্যে বিষণ্ণতার রূপটি পরিস্ফুট করেছেন-"গাছের ডালে আজ নিরক্ষর চাঁদ, মেঘপালকের সারি/উড়ে আসছে গম্বুজের মাথা থেকে, গতকালই একটা/জারকলেবুকে গোলক ব'লে যারা তাতে বসিয়েছিল। বিষুবরেখাটি, আজ তারাই অবাক দেখছে ডুবোজাহাজগুলো/কীভাবে দু-হাত ছড়িয়ে নেমে যাচ্ছে হাওড়-বাওড়।" (১ সংখ্যক কবিতা, পাতামুত্তুরের ছায়ালিপি)। পরক্ষণেই আমরা দেখতে পাই কবি রামকিশোর ভট্টাচার্যের কবিতায় অমিয় চক্রবর্তীর ন্যায় বিজ্ঞানচেতনার প্রভাব ক্রিয়াশীল। তিনি মহাকাশ পঞ্জিকার সাহায্যে তাঁর কবিতার ঘরকে সুসজ্জিত করেছেন। পদার্থবিদ্যার সম্বন্ধে নানা নতুন ধারণা তাঁকে প্রভাবিত করেছে। ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞান বিশ্বের ও ব্যক্তির একটি সহজ ব্যাখ্যা প্রদান করেছিল। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি তার ক্রমশ জটিল ও ঘোরালো করে তুলেছে। পপ সুরের সঙ্গে প্রোটন-নিউটনের বেজে ওঠার তুলনা করে তাকে শূন্যের ভেতর স্থাপন করে তিনি এক আশ্চর্য কৃতিত্ব দেখিয়েছেন। তিনি বিজ্ঞান চৈতনোর সেই দিকটিকে তুলে ধরেছেন অনায়াস ভঙ্গিতে- "পপ সুরে বেজে উঠেছে প্রোটন-নিউটন। তবে সে সুর/বসানো হোক শূন্যের ভেতর। অ্যালবাম খুলে দেখ/প্লাজমা মেঘেরা কেমন ছবি হয়ে ওঠে। ছবির ভেতর/শুধু শব্দের মুখ। বন্ধুরা ডাকে- অনুবীক্ষণ। কত ইলেকট্রন/ছুটে আসে হলিডে হোমের থেকে। তাদের অর্গানের ঘ্রাণে/কান্না বাজে গোলকধাঁধায়। কান্না নীহারিকা পাড়ার। সব সুর/দু'পকেটে রেখে কর্কটরাশির ওপর বসে থাকা জিটা/সন্ধ্যার এপার থেকে ঢিলছোঁড়ে ভোরের ওপারে। তখন/আর কয়েক আলোকবছরে সৌভাগ্য ধরে না।" (ডকুমেন্টারি, বৃশ্চিকসরণির কারুকাজ)। তাই কবি রামবিকশোর ভট্টাচার্যের কবিতায় প্রেমের হার্দিক ও জৈবিকানুষঙ্গের কথা প্রায়শই লক্ষ্য করা যায়। পাঠক তার নিজ ভাবনার সঙ্গে সংমিশ্রণে তাঁর কাব্যের ইঙ্গিত গ্রহণ করতে পারে। কারণ নিসর্গের অবিরল অনুষঙ্গ তাঁর কবিতার পরতে পরতে লেগে রয়েছে। আসলে প্রতীকী ও পরাবাস্তববাদের বহিঃপ্রকাশ তাঁর কবিতায় জায়গা করে নিয়েছে। তিনি মিশ্রকলাবৃত্ত ছন্দে তাঁর কবিতাগুলি রচনা করেছেন। গদ্যকবিতার সমাবেশও নজরে আসে। কিছু সনেটকল্প কবিতা রয়েছে। সেখানে পড়ক্তির মাত্রাসংখ্যা চোদ্দ বা আঠারো মাত্রায় সীমাবদ্ধ নয়, যা প্রায়শই কুড়িতে পৌঁছেছে। তবে কোথাও কোথাও লিরিকের প্রাধান্য নজরে আসে। কবি শব্দের সমবায়ে পরাবাস্তববাদকে প্রতীকায়নের প্রকরণ থেকে বের করেননি। তাঁর নিজস্বতা ও সাফল্যের চাবিকাঠিটি তাঁর লিখনশৈলীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের ধর্ম রোদের ন্যায় মন তাঁর কবিতায় আত্মজৈবনিক ভাষ্য হয়ে উঠেছে। শ্রীরামপুরিয়ানের আত্মজীবনী বিধৃত তাঁর কবিতায়। তাঁর কবিতায় এক সত্যতর বোধের উপস্থিতি। আসলে কবির কবিতায় দক্ষ হাতের তুলি অপূর্ব লিখনশৈলির চমৎকারিত্বে সক্রিয় হয়ে ওঠায় সেখানে বর্ণবৈচিত্র্যের ও বাঞ্জনাময় চিত্রমালার মিছিলে পা মেলাতে মেলাতে পাঠক আবিষ্কার করেছেন শব্দের হারিয়ে যাওয়ার পরিবর্তে এক সুতীব্র অনুভবের অবয়ব চিত্রিত হয়েছে। এই মনখারাপের জগৎ ভল্যুম জলপ্রপাত, আহীর-ভৈরব, মধ্যবিত্তের নিত্য জীর্ণতার অবসাদগ্রস্ততাকে অনুভব করায়। এখানে জলভাসি মনের গন্ধ স্পর্শ করে সময়, সমাজ ও সভ্যতার আগামীটুকু প্রবাহিত হয়ে চলেছে। তিনি স্বতন্ত্র স্বভাব সুন্দর স্বকীয়তার মধ্যস্থতায় আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন। এখানেই তাঁর ভোরজন্মের গান শ্রুত হয়েছে। প্রতিদিন সেই নদীরাগ, ভাসমান সুরলিপির মধ্য দিয়ে আমরা আমাদের মনকে, কানকে সুরঝঙ্কারের ধ্বনিময়তার লহরীতে বিশুদ্ধ, পবিত্র করে তুলি। আর কবি হিসেবে এখানেই তাঁর শ্রেষ্ঠত্বের চাবিকাঠিটি নিহিত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)